‘সিমলা চুক্তি বাতিল করে যুদ্ধাপরাধীদের বিচার করুন’
শাহবাগের আন্দোলনের সুযোগ নিয়ে সরকার তরুণ প্রজন্মের সঙ্গে ‘প্রতারণা’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার সকালে এক অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, “আমরা নৈতিকভাবে শাহবাগের আন্দোলনকে সমর্থন জানিয়েছি। সেখান থেকে যদি নির্দলীয় সরকার পুনর্বহাল, দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ উচ্চারিত হয়, তাহলে আমরা পাশে থাকতাম।”
দলের স্থায়ী কমিটির এই সদস্য দাবি করেন, শাহবাগের আন্দোলনের ‘সুযোগ’ নিয়ে সরকার নিজের ‘স্বার্থ হাসিলের’ জন্য তরুণ সমাজের সঙ্গে প্রতারণা করছে। তারা মূলত ক্ষমতায় থাকার জন্য শাহবাগ থেকে ‘অক্সিজেন’ নিচ্ছে।
এভাবে ‘অক্সিজেন’ নিয়ে বেশিদিন ক্ষমতা ‘আঁকড়ে’ রাখা যাবে না বলেও তিনি মনে করেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সুশীল ফোরামের উদ্যোগে ‘দেশে রাজনীতিতে সৃষ্ট নৈরাজ্যকর পরিস্থিতি ও নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচন’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার সত্যিকার অর্থে যুদ্ধাপরাধীদের বিচার চায় না। তারা বিচারের নামে ‘রাজনীতি’ করছে।
“সরকারকে বলব, ’৭২-৭৩ সালে পাকিস্তানে পিপলস পার্টি, ভারতে কংগ্রেস ও বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো। এখন তারাই ক্ষমতায় আছে। এই তিন দল বসে সিমলা চুক্তি বাতিল করে যুদ্ধাপরাধীদের বিচার করুণ। আমরা তাকে সমর্থন জানাব।’’
বুধবার বিএনপি'র নয়া পল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ঢাকা, সেপ্টেম্বর ৯, ২০০৯
শুক্রবার জুমার নামাজের পর কয়েকটি ইসলামী দলের ব্যানারে শাহবাগের জানগরণমঞ্চবিরোধী মিছিল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালানো হয়।
ঢাকায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়লে হামলাকারীরাও বৃষ্টির মতো ঢিল ছুড়তে থাকে। এ সময় বেশ কিছু হাতবোমাও ফাটানো হয়।
একই সময়ে কাঁটাবন, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে ব্যাপক তাণ্ডব চালায় ‘গণজাগরণবিরোধীরা’। এ সময় চার সাংবাদিক, দুই পুলিশসহ অন্তত ২৩ জন আহত হন।
কয়েকটি ইসলামী ও সমমনা দলের ব্যানারে এসব হামলা হলেও পুলিশ বলছে, এতে জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ ইন্ধন ছিল। একই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও।
শুক্রবার ‘মুসল্লিদের ওপর হামলার’ নিন্দা জানিয়ে গয়েশ্বর বলেন, কোনো ধর্ম ও সেই ধর্মের নবী-রসুলকে নিয়ে ‘কটুক্তি’ করা হলে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটা ধর্মপ্রাণ মানুষের ধর্ম বিশ্বাসের ওপর ‘আঘাত’। আল্লাহ ও রসুল এবং ভগবান কিংবা ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান যে কোনো ধর্মকে ‘কটাকক্ষ’ করা হলে সরকারকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।
“কতিপয় ব্লগার ইসলাম ধর্ম ও রসুল সম্পর্কে যে কটুক্তি করেছে, তা কোনো ধর্মাবলম্বী মানুষ সমর্থন করবে না। আমি সমর্থন করি না।’’
অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিচার বিভাগীয় তদন্ত দাবি
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, হযরত মুহাম্মদ (সা.) এর বিরুদ্ধে কতিপয় ব্লগার ‘কটুক্তি’ করার পর সরকার ব্যবস্থা নিলে শুক্রবারের ‘ঘটনা ও প্রাণহাণি’ হতো না।
এর জন্য তিনি সরকারকে দায়ী করেন।
রফিকুল ইসলাম আরো বলেন, “ মহানবী হযরত মুহাম্মদ (সা.)এর বিরুদ্ধে কুটক্তির প্রতিবাদও করতে দিচ্ছে না সরকার। মুসল্লিদের ওপর পুলিশ দিয়ে হামলা চালানো হয়েছে। আমরা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।’’
জিয়া পরিষদের উদ্যোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক পিয়াস করীমের ওপর ‘হুমকির’ প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি হয়।
অবস্থান কর্মসূচিতে আবদুল কুদ্দুস, জিয়া পরিষদের সহকারি সেক্রেটারি আবদুল্লাহ হিল মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।
