সিলেট শহীদ মিনারে ভাংচুরের ঘটনায় মামলা
সিলেটে শহীদ মিনার ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ।
জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও সমমনা ১২ ইসলামী দলের পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে এসব মামলায়।
শনিবার সকালে কোতয়ালী থানার উপ পরিদর্শক জামাল উদ্দিন ও কমর উদ্দিন বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি আতউর রহমান।
মামলায় ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।
ওসি আতউর রহমান জানান, শহীদ মিনারে ভাংচুরসহ পুলিশের উপর হামলা ও সহিংসতা ঘটিয়ে হত্যার অভিযোগে দ্রুতবিচার ও সন্ত্রাস দমন আইনে মামলা দুটি করা হয়েছে।
শুক্রবার ইসলামী ও সমমনা ১২ দলসহ বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী জুমার নামাজ শেষে শহরের কোর্ট পয়েন্টে সমবেত হয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে তারা শহীদ মিনারে হামলা চালায়। ভাংচুরের পাশাপাশি ২১ ফেব্রুয়ারিতে দেয়া ফুলে আগুন ধরিয়ে দেয় তারা।
এ সময় হামলাকারীরা ওই এলাকায় সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংকে আগুন দেয়। এছাড়া মুজিব-জাহান ব্লাড ব্যাংক ও বিএমএ ভবনে ভাংচুর করে।
পুলিশ এ সময় বাধা দিলে তাদের ওপরর হামলা চলে। এ সময় সংঘর্ষে একজন নিহত হন।
সংঘর্ষের সময় পুলিশ ৫৬ জনকে আটক করে বলে জানান ওসি।
পুলিশ বলছে, কয়েকটি ইসলামী দলের নামে হামলা চালানো হলেও এর পেছনে জামায়াতে ইসলামীর ইন্ধান ছিল।
