২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার পর সিলেটে ভাংচুর, বিজিবি মোতায়েন

নগরীতে যুদ্ধাপরাধীদের বিচার বিরোধীদের তাণ্ডবের পর শুক্রবার সন্ধ্যায় জামায়াতীদের বলে পরিচিত কয়েকটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

নগরীর জিন্দাবাজারে ইসলামী ব্যাংকে ভাংচুর এবং এটিএম বুথ জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া অর্ধশত দোকান এবং পানশী নামের একটি রেস্টুরেন্টে আগুন দেয়া হয়।

জ্বালিয়ে দেয়া হয় একটি প্রাইভেটকার ও দুইটি মোটরসাইকেলও।

পরে অগ্নিনির্বাপক দলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ মোবাশ্বির আলী বলেন, সরকার সমর্থিত কিছু ছাত্র বেশ কয়েকটি দোকানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। রাবার বুলেট, শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব-পুলিশের পাশাপাশি নগরীতে বিজিবি মোতায়ের করা হয়েছে।

বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায় লেফটেন্যান্ট কর্নেল শফিউল আযম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীতে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরো বিজিবি সদস্য মোতায়েন করা হবে।