নেত্রকোনায় মুসুল্লিরা গণস্বাক্ষর দিলেন
শাহবাগ গণজাগরণ মঞ্চের ডাকে সাড়া দিয়ে নেত্রকোনায় গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় মুসুল্লিরা।
জুম্মার নামাজের পর নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ কর্মসূচি শুরু করলে শত শত মুসল্লি তাতে অংশ নেন।
নামাজের পর গণস্বাক্ষরে অংশ নেয়া অধ্যাপক আবুল খায়ের চন্দন, সাবেক ছাত্রনেতা শামছুর রহমান লিটন, সানোয়ার হোসেনসহ অনেক মুসুল্লি বলেন, একাত্তরে যারা গণহত্যা চালিয়েছে তারা দেশ ও মানুষের শত্রু। এদের বিচার হওয়া প্রয়োজন।
হত্যাকারীরাই এখন একাত্তরের মতো ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। ধর্মপ্রাণ সাধারণ মানুষকে এদের কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকতে হবে যাতে হত্যাকারীরা কোনভাবেই ধর্মকে ব্যবহার করতে না পারে, বলেন স্বাক্ষরদানকারীরা।
স্থানীয় সংগঠক ও সাহিত্যকর্মী সাইফুল্লা এমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুমার নামাজের পর থেকে বিকাল পৌনে চারটা পর্যন্ত এক হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ হয়েছে।
বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতস্ফুর্তভাবে আসছেন, স্বাক্ষর করছেন বলে জানান তিনি।
