সাভারে তরুণী হত্যার ঘটনায় আরো দুজন গ্রেপ্তার
সাভারে এক তরুণীকে ধর্ষণের পর হত্যায় জড়িত সন্দেহে আরো দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- আবেদ আলী ও তাইজুল ইসলাম।
শুক্রবার ভোরে ময়মনসিংহ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান জানান, ভোরে ময়মনসিংহে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার চার জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- সুলতান মাহমুদ, দেলোয়ার হোসেন, সাহজাহান মিয়া ও আনিসুর রহমান।
গত বুধবার সকালে সাভারের ধরেন্ডা মধ্যপাড়া এলাকার একটি আমবাগানের ভিতরে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ওয়াহিদা বেগমের (২২) লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের বাবা লুদ্দু চান সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন । তাতে নওয়াব আলী ও সুশান্তর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।
