২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হামলা হলে সর্বশক্তি দিয়ে প্রতিহত করব’

শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনে হামলা-আঘাত এলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ছাত্রনেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 02:41 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

সেইসঙ্গে গণজাগরণ নিয়ে ‘কুৎসা রটনাকারীদেরও’ কঠোর ভাষায় সতর্ক করে দেন তারা।

বৃহস্পতিবার প্রজন্ম চত্বরের মহাসমাবেশে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক বলেন, “আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী। তবে এই আন্দোলনে হামলা-আঘাত এলে আমরাও বসে থাকব না। প্রয়োজনে সহিংসতা দেখিয়ে দেয়া হবে।”

ধর্মের ‘দোহাই’ দিয়ে অনেকেই এই আন্দোলনে উস্কানি দেয়ার চেষ্টা করছেন অভিযোগ করে তিনি বলেন, “বাংলার জনগণ জানে এই সমস্ত দাম্ভিক উস্কানির বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়াতে হয়।”

‘বঙ্গবীর’ কাদের সিদ্দিকী নানা ধরনের ‘কুৎসা’ ছড়াচ্ছেন উল্লেখ করে এই ছাত্রনেতা বলেন, “মুক্তিযুদ্ধ করেছেন আপনার কাছে আমরা কৃতজ্ঞ। তবে একজন মুক্তিযোদ্ধা সারাজীবন মুক্তিযোদ্ধা থাকে না। রাজাকার সারাজীবনই রাজাকার।

“আপনি যা শুরু করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা না চাইলে বঙ্গবীর উপাধি জনগণ কেড়ে নেবে। আপনি নব্য রাজাকার।”

জামায়াত-শিবির ‘আস্তকুড়ে নিক্ষিপ্ত’ হবে, বলেন তারেক।

বিকেল ৪টা ১২ মিনিটে শুরু হয় মহাসমাবেশ। এতে একে একে বক্তব্য দেন বিভিন্ন ছাত্র সংগঠনের ১৬ জন নেতা। এর আগে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে শুরু হয় মহাসমাবেশ। পরে জাতীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মেলান লাখো জনতা।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, এই আন্দোলন নিয়ে বিভিন্ন গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে। বোনদের ছবি বিকৃত করে ফেইসবুকে দিচ্ছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আমার দেশ পত্রিকাকে ইঙ্গিত করে তিনি বলেন, “শাহবাগ থেকে কিন্তু বেশি দূরে নয়। আমরা যদি সেখানে হামলা শুরু করি, তাহলে পালানোর পথ পাবেন না। সরলতাকে দুর্বলতা হিসাবে নেবেন না।”

জাসদ ছাত্রলীগ সভাপতি শামসুল ইসলাম সুমন জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ তরুণ প্রজন্মের আন্দোলন নিয়ে যারা ‘বিভ্রান্তি’ ছড়াচ্ছে তাদের পরামর্শ দিয়ে শান্তির পথে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “বাংলাদেশে আর বাংলা ভাই ও শায়খ রহমানের সৃষ্টি হতে দেব না। আমরা বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত হতে দিতে পারি না।”

ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু প্রজন্ম চত্বরের আন্দোলনকে যারা ‘কালিমালিপ্ত’ করতে চায় তাদের প্রতিহতের আহ্বান জানান।

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ‘উত্তরা ষড়যন্ত্রের নায়ক’ অভিহিত করে তিনি বলেন, “তিনি যদি বিভিন্ন কুৎসার প্রমাণ না দিতে পারেন তাহলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।”

সরকারি ভবন থেকে আমার দেশ কার্যালয়ের বরাদ্দ বাতিলের দাবি জানিয়ে মাহমুদুর রহমানকে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন এই ছাত্রনেতা।

“শাহবাগ থেকে কারওয়ান বাজারের দূরত্ব বেশি নয়। তরুণ প্রজন্ম যদি শাহবাগ থেকে কারওয়ান বাজারে মার্চ করতে শুরু করে তবে কোথায় পালাবেন সেই জায়গা দেখে রাখেন,” আমার দেশ সম্পাদকের উদ্দেশ্যে বলেন তিনি।

ইসলামী ব্যাংক থেকে রাষ্ট্রের সব টাকা তুলে নিতে সরকারের প্রতি আহ্বানও জানান এই ছাত্রনেতা।

ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ বলেন, জামায়াত ধর্মকে পুজি করে অনেক আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এসব প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত করতে হবে।

ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভির রুদ্র আন্দোলন নিয়ে যেসব গণমাধ্যম ‘অপপ্রচার’ চালাচ্ছে তাদের সাবধান করে দিয়ে বলেন, “কাদের মোল্লার ফাঁসি না হওয়া পর্ন্ত আমরা রাস্তা ছাড়ব না। আমরা অস্ত্র ধরতে জানি।”

‘আন্দোলন থেকে পিছু হটার সময় নেই’- উল্লেখ করে বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক হিল্লোল রায় বলেন, যত বাধাই আসুক ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে। আমরাও প্রতিবাদ করতে জানি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকন, ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহা, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ, বিপ্লবী ছাত্র সংহতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তমাল মহাসমাবেশে বক্তব্য দেন।

অধ্যাপক জাফর ইকবাল, ঘাতক দালাল নির্মল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, তারিক আনাম খান, সারা যাকের, রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতি জোটের হাসান আরিফ ও গোলাম কুদ্দুস, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্ অধ্যাপক আনোয়ার হোসেন, যাদুশিল্পী জুয়েল আইচ ছাড়াও কর্নেল তাহেরর পরিবারের সদস্যরা মহাসমাবেশস্থলে উপস্থিত ছিলেন।