২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রত্যয়ে ভাষাশহীদদের স্মরণ চট্টগ্রামে

যুদ্ধপরাধীদের বিচারের দাবি আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে চট্টগ্রাবাসীও শ্রদ্ধা জানিয়েছে ভাষার জন্য আত্মত্যাগ করা বীর শহীদদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 11:30 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন শ্রদ্ধা জানান বীর শহীদদের। ক্রমান্বয়ে চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম, সংসদ সদস্য নূরুল ইসলাম বিএসসি, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ সালাম, জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, চট্টগ্রামের ডিআইজি, জেলা প্রশাসক, নগর পুলিশ কমিশনার।

এরপর সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনসহ জনতার ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার।

বৃহস্পতিবার সকালে শহীদ মিনারে নামে সর্বস্তরের মানুষের ঢল।দুপুর পর্যন্ত শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠনও। স্কুলের পোষাক পড়ে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসতে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বাবা মায়ের কোলে চড়ে আসতে থাকে শিশুরা।

শহীদদের শ্রদ্ধা জানাতে আসতে থাকে বিভিন্ন রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো। এসময় পুরো নগরী হয়ে উঠে মিছিলের শহর। স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি – অমর এই গানের পাশাপাশি ভেসে আসে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান।

শহীদদের শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন সংগঠন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচী পালন করে।

‘চেতনা ৭১’ নামে একটি সংগঠন আয়োজন করে মশাল মিছিল।

শাহাদাত হোসেন বাপ্পী নামে সংগঠনটির একজন সংগঠক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মিছিল হবে তারুণ্যের মশাল মিছিল। নতুন প্রজন্ম আজ জেগে উঠেছে। একুশ দিয়েছে নতুন করে বেড়ে উঠার স্বপ্ন, নুতন করে লড়াই করার সাহস”।

এদিকে, চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের কার্যক্রমও শুরু হয় সকালে। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন শ্রেণি পেশার লোক জড়ো হতে থাকে সমাবেশস্থলে। 

পুরো শহীদ মিনার এলাকা ছিল নিরাপত্তার বেষ্টনিতে ঢাকা। মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।