কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মানহানি মামলা চট্টগ্রামে
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে ‘রাজাকার’ বলায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে চট্টগ্রামের একটি আদালতে।
অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসানুল ইসলামের আদালতে বুধবার করা এ মামলার বাদী চট্টগ্রাম সম্মিলিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের যুগ্ম মহাসচিব আবু তাহের।
মামলার আইনজীবী অ্যাডভোকেট তপন দাশ বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২৮ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
এছাড়া বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয় সহকারী কমিশনার কোতোয়ালিকে, বলেন তিনি।
মামলার নথি থেকে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি ঢাকার ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃষক শ্রমিক জনতা লীগের কাউন্সিলে কাদের সিদ্দিকী স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘রাজাকার’ বলে কটুক্তি করেন। পরদিন স্থানীয় পত্রিকা আজাদী থেকে এ কথা জানতে পারেন বাদী আবু তাহের।
আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কাদের সিদ্দিকীর মত একজন মানুষ রাজাকার বলায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।
