গাইবান্ধায় ছিনতাই হওয়া সার জয়য়পুরহাটে উদ্ধার
গাইবান্ধা থেকে ছিনতাই হওয়া ট্রাক ভর্তি সার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে পুলিশের ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা উপজেলার আওলাই ইউনিয়নের রায়গ্রাম বাজার এলাকায় ট্রাকটি ফেলে চলে যায়।
পাঁচবিবি থানার ওসি আহসানুল হক সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বাঘাবাড়ি ডিপো থেকে চারশ’ বস্তা সার নিয়ে ট্রাকটি লালমনিরহাটে যাচ্ছিল। রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকায় ছিনতাইকারীরা ট্রাকের গতি রোধ করে চালক-সহকারীকে অস্ত্রের মুখে নামিয়ে আনে। পরে তাদের রেখে ট্রাকটি নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।
গোপন সংবাদ পেয়ে পুলিশ পাঁচবিবি-ঘোড়াঘাট সড়কে ট্রাকটির গতিরোধ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায় বলে জানান ওসি।
ট্রাকসহ উদ্ধার হওয়া ইউরিয়া সারের মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে।
