‘অপপ্রচারের পেছনে জামায়াত’
ব্লগে লেখা ধর্মীয় অবমাননাকর বক্তব্য প্রকাশ করে যেসব সংবাদপত্র ‘অপপ্রচার’ চালাচ্ছে, তারা বিরত না হলে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ফাইল ফটো
ধর্ম নিয়ে বিভিন্ন ব্লগে প্রকাশিত কিছু লেখা চিহ্নিত কয়েকটি পত্রিকায় প্রকাশের মাধ্যমে শাহবাগ আন্দোলন নিয়ে বিরূপ প্রচার চালানোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইনু বলেন, যারা ব্লগে লিখছেন তা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। গণমাধ্যমে তা প্রকাশ করা ঠিক নয়।
“যেসব প্রিন্ট মিডিয়ায় এ ধরনের সংবাদ এসেছে সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে সরকার গণমাধ্যমের বিষয়ে সংবেদনশীল। আশা করি সবাই এ বিষয়ে নিবৃত হবেন।”
ইন্টারনেটে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও কিছু সংবাদপত্রে ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য প্রচার এবং যুদ্ধাপরাধের বিচার নিয়ে ‘বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার’ বিষয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “ব্লগের ক্ষুদ্র পরিসরে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য সংবাদ গণমাধ্যমে বার বার প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি এবং উস্কানি দেয়া শুধু সাংবাদিকতার নীতি পরিপন্থী নয়, আইনের দৃষ্টিতেও অপরাধ।”
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীকে এই অপপ্রচারেরে পেছনের ‘নাটের গুরু’ উল্লেখ করে ইনু বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে’ এসব প্রচারণার পেছনে জামায়াতের সঙ্গে ‘অন্যান্য মহলও’ কাজ করছে।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের যেসব বক্তব্য মানুষের অনুভূতিতে আঘাত হানতে পারে বা সমাজের ক্ষতির কারণ হেতে পারে- সেগুলো ‘ইউটিউবের মতো’ বন্ধ করে দেয়া হবে বলেও জানান মন্ত্রী।
তিনি জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে এসব ব্লগ বন্ধ করে দিয়েছে এবং যেসব অভিযোগ আসেছে সেগুলোর বিষয়ে প্রশাসনিক ও প্রযুক্তিগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আমাদের দেশ পত্রিকার একটি বিজ্ঞাপন দেখিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের বিজ্ঞাপনের মাধ্যমেও নানা অপপ্রচার চালানো হচ্ছে এবং তা বিজ্ঞাপন নীতিমালার বিরোধী।
যুদ্ধপরাধীদের বিচার এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই জানিয়ে মন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধের অভিযোগে যাদের বিচার হচ্ছে তারা ইসলামের দৃষ্টিতেও ক্ষমার অযোগ্য, তারা কেউ ধর্ম প্রচারক বা ইমাম নয়।”
একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় শাহবাগের জাগরণ।
এর একাদশ দিনে, গত শুক্রবার রাতে রাজধানীর পল্লবীতে খুন হন স্থপতি রাজীব। নিজের বাসার সামনে এই ব্লগারকে জবাই করে হত্যা করা হয়।
রাজীব নিয়মিতভাবে ব্লগে লিখতেন ‘থাবা বাবা’ নামে। লেখনীর মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচারের দাবি তুলে ধরার পাশাপাশি জামায়াত-শিবিরের স্বরূপ উন্মোচনে সক্রিয় ছিলেন তিনি।
অবশ্য রাজীব খুনের পর বিভিন্ন পত্রপত্রিকায় প্রচারণা চালানো হয়, তিনি ইসলামের বিরুদ্ধে লিখতেন।
শাহবাগের প্রজন্ম চত্বরের দাবি শুধু ব্লগারদের নয়, বাংলাদেশের জনগণের দাবি বলেও জানান তথ্য মন্ত্রী।
‘অন্য দলের বিরুদ্ধে ব্যবস্থা নয়’
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে পরীক্ষা নিরীক্ষা চলছে জানিয়ে ইনু বলেন, যারা অগণতান্ত্রিক এবং মানুষ হত্যা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সরকার জামায়াত ছাড়া অন্য কোনো ধর্মভিত্তিক রাজনীতি দল বা সংগঠনকে নিষিদ্ধের ব্যবস্থা নিচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, যে সংগঠন অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্য মানুষ হত্যা করছে, রোগী হত্যা করছে, নারী হত্যা করছে, সেই যুদ্ধাপরাধী জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।
ফ্রিডম পার্টি ও হিযবুত তাহরীর ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের দল হিসেবে কীভাবে বিচারের আওতায় নিয়ে আসা যায়- তা ভেবে দেখা হচ্ছে।
যুদ্ধাপরাধে কোনো দল বা সংগঠন থাকলে তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে জানিয়ে মন্ত্রী বলেন, সংবিধানিকভাবে এ বিচার করা সম্ভব, এজন্য আইন সংশোধন করা হবে।
দলগতভাবে জামায়াতে ইসলামীকে বিচারের জন্য অগ্রগতি হচ্ছে জানিয়ে ইনু বলেন, কী ধরনের সাজা হবে এর জন্য প্রয়োজনে আইন সংশোধন করা হবে।
জামায়াত যে যুদ্ধাপরাধে প্রত্যক্ষভাবে জড়িত ছিল- তা উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ পর্যন্ত দেয়া দুটি রায়েও।
জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদের ফাঁসির রায়ের পর্যবেক্ষণে বলা হয়, জামায়াতে ইসলামী একাত্তরে ‘পাকিস্তান রক্ষার’ নামে ‘সশস্ত্র বাহিনী’ তৈরির মাধ্যমে নিরস্ত্র বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করে।
আর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সঙ্গে সহযোগী বাহিনী লেলিয়ে দেয়ার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর অংশগ্রহণের বিষয়ে আরো বিস্তারিত বর্ণনা দেয়া হয় ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়ের পর্যবেক্ষণে। এই রায়ে কাদের মোল্লার যাবজ্জীবন সাজা হয়।
