২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরের শহীদদের চিঠি লেখার দিন

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের চলমান আন্দোলন গড়িয়েছে ষষ্ঠদশ দিনে; এইদিন বিকেলে রয়েছে মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশে চিঠি লিখে বেলুনে বেঁধে ওড়ানোর কর্মসূচি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 04:56 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

অন্যান্য দিনের মতোই বুধবার সকাল ৬টায় জাতীয় সংগীতে শুরু হয় দিনের বিক্ষোভ। পরিবেশন করা হয় দেশাত্মবোধক গানও।  

সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভের কেন্দ্রস্থলে জড়ো হতে থাকেন নানা শ্রেণি পেশার মানুষ।

বিকাল ৪টা ১৩ মিনিটে মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশে দেশের প্রতিটি মানুষকে একটি করে চিঠি লিখে বেলুনে বেঁধে ওড়ানোর আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪টা ১৩ মিনিটে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের দলিলে সই করেছিল বলেই ওই সময়টি কর্মসূচি পালনের জন্য বেছে নিয়েছে ৪২ বছর পরের এই আন্দোলনকারীরা।

এছাড়া অবস্থান কর্মসূচি অব্যাহত রেখে ২১ ফেব্রুয়ারি আবার মহাসমাবেশ হবে শাহবাগে।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দেয়া হবে।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে বিকাল ৩টায় একযোগে একুশের গান গাইতে গণজাগরণ মঞ্চ থেকে আহ্বান জানানো হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবনের রায় ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে শাহবাগে এই আন্দোলনের সূচনা হয়। ১৫ দিন ধরে সেখানে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীর ফাঁসি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে ছাত্র-জনতা।

এই আন্দোলনে দেশবাসীর অকুণ্ঠ সমর্থনের পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে সরকার।

আইন সংশোধনের ফলে আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে যেমন সরকার আপিল করতে পারবে, তেমনি যুদ্ধাপরাধের জন্য দল হিসেবে জামায়াতে ইসলামীরও বিচার করা যাবে।