চট্টগ্রামে গণজাগরণের চতুর্দশ দিন
যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে টানা চতুর্দশ দিনের মতো চট্টগ্রামের প্রেসক্লাব চত্বরে চলছে গণআন্দোলন।
মঙ্গলবার বিকাল তিনটা থেকে যথারীতি নগরীর জামালখান প্রেসক্লাব চত্বরে জমায়েত হতে থাকেন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
সবার মুখেই একই স্লোগান- ‘ফাঁসি চাই যুদ্ধাপরাধীদের’, ‘ব্লগার রাজীব হত্যার বিচার চাই’।
নানা রকমের ব্যানার ফ্যাষ্টুন নিয়ে সর্বস্তরের মানুষ এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়।
আন্দোলনকারীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা থেকে আসা ব্লগার অমি রহমান পিয়াল। তিনি সাধারণ মানুষের এই আন্দোলন কোনো ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়’ উল্লেখ করে চট্টগ্রামের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।
এছাড়া কর্মসূচিতে অংশ নেয়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গণসংগীত , আবৃত্তি ও নাটক পরিবেশন করে।
বুধবার বিকালেও এ প্রতিবাদী কর্মসূচি যথারীতি চলবে।শাহবাগের ‘প্রজন্ম চত্বরের’ আন্দোলনকারীদের ঘোষণা অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টা ১৩ মিনিটে মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশে লেখা চিঠি বেলুনে বেঁধে ওড়ানো হবে।
আয়োজকদের পক্ষ থেকে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের প্রতি যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে চলমান এ কর্মসূচিতে অংশ নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় শাহবাগের জাগরণ। সেই গণআন্দোলনের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রামের জামালখান প্রেসক্লাব চত্বরে আন্দোলন শুরু করে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ ও অনলাইন অ্যাক্টিভিস্টরা। পরবর্তীতে যা সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়।
