২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধের অভিযোগে আটকরা এসএমএসে যোগাযোগ রাখছে’

শাহবাগসহ সব ‘গণজাগরণ মঞ্চে’ নিরাপত্তা জোরদারের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 02:20 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

সেইসঙ্গে শাহবাগ আন্দোলনের সক্রিয় কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার সুপারিশ করে এই কমিটি

মংগলবার কমিটির ৪৪তম সভায় এসব সুপারিশ করা হয়।

যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত ও বিএনপির আটক নেতারা কারাগার থেকে মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে নিজ দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলে অভিযোগ তুলেছে সংসদীয় স্থায়ী কমিটি।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় শাহবাগের জাগরণ। এর একাদশ দিনে, গত শুক্রবার রাতে রাজধানীর পল্লবীতে খুন হন রাজীব। নিজের বাসার সামনে তাকে জবাই করা হয়।

রাজীব নিয়মিতভাবে ব্লগে লিখতেন ‘থাবা বাবা’ নামে। লেখনীর মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচারের দাবি তুলে ধরার পাশাপাশি জামায়াত-শিবিরের স্বরূপ উন্মোচনে সক্রিয় ছিলেন তিনি।

তার বন্ধু ও স্বজনদের দাবি, জামায়াত-শিবিরই রাজীবকে হত্যা করেছে। এই দাবির ক্ষেত্রে জামায়াত সমর্থক হিসাবে পরিচিত ‘সোনার বাংলা’ ব্লগে রাজীবকে ‘হুমকি’ দিয়ে একটি পোস্টও তুলে ধরেছেন তারা।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজিব হায়দারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে শাহবাগের ‘প্রজন্ম চত্বরসহ’ দেশের বিভিন্ন স্থানের ‘গণজাগরণ মঞ্চে’ অংশগ্রহণকারীদের নিরাপত্তা জোরদারের সুপারিশ করেছে কমিটি।

সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হক।

সংসদীয় কমিটি যুদ্ধাপরাধের অভিযোগে আটক ব্যক্তিদের কঠোর পর্যবেক্ষণে রাখতে কারা কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছে। আরও বলেছে, কারাগারে আটক কেউই যেন মোবাইল ফোনে কারও সঙ্গে যোগাযোগ করতে না পারে ।

বৈঠক শেষে কমিটির সদস্য সফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, মো. মুজিবুল হক, মো. হাবিবর রহমান, সানজিদা খানম এবং মো. সফিকুল ইসলাম বৈঠকে অংশ নেন।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি. কিউ. কে. মুসতাক আহমদ, মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, কারা মহাপরিদর্শক মো. আশরাফুল ইসলাম খান, র‌্যাবের  ডিজি মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত আইজিপি (এসবি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিজি, ঢাকার পুলিশ কমিশনার বেনজির আহমেদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।