আশুলিয়ায় পুড়ে গেছে ১২টি ঘর
সাভারের আশুলিয়ায় মঙ্গলবার একটি বাড়ির ১২টি ঘর পুড়ে গেছে।
আশুলিয়ার জিরানী এলাকায় গিয়াস উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ড হয় বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।
ডিইপিজেড অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিনির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বাড়ির ১২টি সেমিপাকা ঘর পুড়ে গেছে। কক্ষগুলোতে পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তারা ভাড়া থাকতেন।
অগ্নিকাণ্ডের সময় সবাই কর্মস্থলে থাকায় কেউ ঘরের মালামাল বের করতে পারেননি। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন অগ্নিনির্বাপণ কর্মকর্তা।
