২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে গণআন্দোলনের প্রশংসায় ব্রিটিশ প্রতিমন্ত্রী

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে শাহবাগে তরুণ প্রজন্মের চলমান আন্দোলনের প্রশংসা করেছেন সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী সাইয়িদা হুসেইন ওয়ারসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

সোমবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, “আমরা শুনেছি, বাংলাদেশে অতীতে যেসব প্রতিবাদ হয়েছে তাতে সহিংসতা ছিলো। কিন্তু শাহবাগের আন্দোলনে দেখা গেছে, সেখানে অহিংসভাবে তরুণরা তাদের উৎকন্ঠা ও প্রতিবাদ তুলে ধরেছে। এটা একটি ভালো উদাহরণ সৃষ্টি করেছে।’’

এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করেন।

তিনদিনের সফরে সাইয়িদা ওয়ারসি ঢাকা এসেছেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে সোয়া ঘন্টা ধরে এ বৈঠক হয়। এতে আগামী সংসদ নির্বাচন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার এবং শাহবাগের গণআন্দোলনসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়য়াদি নিয়ে আলোচনা হয়।

আগামী নির্বাচন সম্পর্কে যুক্তরাজ্যের অবস্থান তুলে ধরে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, “আমরা আশা করি, বাংলাদেশে প্রতিটি দলের অংশ গ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচন কেয়ার টেকার সরকার  না  নন-কেয়ার টেকার সরকারের অধীনে হবে, তা সরকার ও রাজনৈতিক দলগুলো আলোচনা করে ঠিক করবে।’’

বাংলাদেশে যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রসঙ্গে পাকিস্তানি বংশোদ্ভূত সাইয়িদা ওয়ারসি বলেন, “আমরা যুদ্ধাপরাধীদের বিচারকে সমর্থন করি। তবে এর প্রক্রিয়া উন্মুক্ত, স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। এক্ষেত্রে যুক্তরাজ্যের অবস্থান হচ্ছে-এই বিচারে কারো মৃত্যুদণ্ড কাম্য নয়। আমরা কোনো মৃত্যুদণ্ড সমর্থনও করি না।”

ব্রিটিশ এই প্রতিমন্ত্রী জানান,  যেসব দেশে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর রয়েছে, তা রহিত করতে তারা কাজ করে যাচ্ছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জানান, ব্রিটিশ প্রতিমন্ত্রী খালেদা জিয়ার কাছে জানতে চান, আগামীতে ক্ষমতায় গেলে খালেদা সরকারের একশ’ দিনের কর্মকাণ্ডে কোন কোন বিষয় অগ্রাধিকার পাবে?

এর জবাবে বিরোধী দলীয় নেতা ব্রিটিশ প্রতিমন্ত্রীকে বলেছেন,  ‘দেশকে সামনের দিকে নিয়ে যেতে জাতীয় ঐকমত্য গড়ে তোলা হবে। এছাড়া অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, অবকাঠামোর উন্নয়ন, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য খাত, দারিদ্র্য বিমোচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করার বিষয়ে অগ্রাধিকার দেবেন তিনি।’

শমসের মবিন অারো বলেন, সাইয়িদা ওয়ারসি জানান, আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে বিরোধী দলীয় নেতা তার দলের অবস্থান তুলে ধরে বলেছেন, ‘আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এই নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হলে তা নিরপেক্ষ হতে পারে।’

সৌহার্দমূলক পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলেও জানান শমসের মবিন চৌধুরী।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও  সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন বৈঠকে উপস্থিত ছিলেন।