পাচারকালে উদ্ধার ৮৮ পুরাকীর্তি
গত পাঁচ বছরে পাচারকালে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার তিন শতাধিক নিদর্শনের মধ্যে ৮৮টি পুরাকীর্তি বলে সনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।
সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, উদ্ধার হওয়া ৩৩৬টি নির্দশনের বেশিরভাগই প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হয়।
তবে মামলার আলামত হওয়ায় ৭০টি এখনো হস্তান্তর করা যায়নি বলে নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে জানান মন্ত্রী।
তিনি বলেন, ২০০৮ সালের জানুয়ারি থেকে গত জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সহায়তায় ৩৩৬টি বিভিন্ন ধরনের নিদর্শন প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়েছে। এর মধ্যে ৮৮টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সনাক্ত করা হয়েছে।
বাকি ২৪৮টির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব না থাকায় সংশ্লিষ্টদের ফেরত দেয়া হয়েছে বলে আবুল কালাম আজাদ জানান।
তিনি বলেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বাজারমূল্য নির্ধারণের বিষয়ে নীতিমালা না থাকায় এসব প্রত্নসম্পদের বাজারমূল্য নির্ধারণ হয়নি।
উদ্ধার করা পুরাকীর্তি বাংলাদেশ জাতীয় যাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষণ করা হয়।
আরেক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ জানান, গত চার বছরে ৫২টি সাংস্কৃতিক দল ১৮টি দেশে সফর করেছে।
মোট ৫৩৬ জনের এ সব সংস্কৃতি দলের পেছনে সরকারের ব্যয় হয়েছে ৫ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৯৫৯ টাকা।
