২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালেও স্কুল খুলেছে, ক্লাস চলছে

শাহবাগের জাগরণ মঞ্চের ডাকে সাড়া দিয়ে জামায়াতে ইসলামীর হরতাল প্রত্যাখ্যান করে ক্লাস হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদালয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 07:10 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়েছিল, সোমবার যথারীতি বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা চলবে। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন মণ্ডল জানান, সকাল থেকেই বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলেছে।

বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক জানান, সকাল ১১টায় সচেতন শিক্ষকদের ব্যানারে অপরাজেয় বাংলার পাদদেশে মৌন মিছিল করা হয়। পরে তারা গণজাগরণ মঞ্চে সংহতি জানান।

স্বাভাবিক ক্লাস-পরীক্ষা চলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও।

উপাচার্য অধ্যাপক মেছবাহ উদ্দিন আহমেদ আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কাজী মোবারক হোসেনকে বলেন, “আমরা হরতাল প্রত্যাখ্যান করেছি। শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের যাতায়তের বাস প্রতিদিনের মতো চালু আছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা হয়েছে স্বাভাবিকভাবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকাতেও ছাত্রলীগ হরতালবিরোধী মিছিল করেছে। সকালে পুরান ঢাকায় লঞ্চঘাট শ্রমিকলীগের ব্যানারে সদরঘাট-বাহাদুর শাহ পার্ক হয়ে মিছিল সমাবেশ হয়েছে।

এ দুই বিশ্ববিদ্যালয়ের মতো রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও যথারীতি ক্লাস-পরীক্ষা হয়েছে।

পুরান ঢাকা এলাকার সেন্ট গ্রেগরিসহ কয়েকটি স্কুল ঘুরে দেখা যায় ক্লাসে শির্ক্ষার্থীদের উপস্থিতিও ভাল।

চট্টগ্রাম, রংপুরসহ দেশের অন্যান্য জেলাতেও শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয়েছে বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন।

কক্সবাজারে সহিংসতায় হতাহতের ‘প্রতিবাদে’ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা এ হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী। তাদের হরতাল প্রত্যাখ্যান করে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে দেশবাসীর প্রতি শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে আহ্বান জানানো হয়।

তাদের আহ্বানে সাড়া দিয়ে ব্লগার আহমেদ রাজীব হায়দার স্মরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কালো পতাকা তোলা হয়। শিক্ষার্থীদের পোশাকে দেখা যায় কালো ব্যাজ।  

সকালে হরতালের শুরু থেকেই রাজধানীতে অন্য হরতালের তুলনায় বেশি যানবাহন চলতে দেখা যায়। অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও স্বাভাবিক কাজ চলছে।