রাজীব হত্যাকাণ্ডে গ্রেপ্তার নেই
গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের বিষয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থপতি রাজীবকে শুক্রবার রাতে মিরপুরের পলাশ নগরে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়।
রাজীবের সহযোদ্ধা ও স্বজনদের দাবি, জামায়াত-শিবিরই তাকে হত্যা করেছে।
তবে জামায়াত এক বিবৃতিতে বলেছে, এই হত্যাকাণ্ডে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
রাজীবের বাবা নাজিম উদ্দিন পল্লবী থানায় একটি হত্যামামলা করেছেন। গোয়েন্দা পুলিশ (ডিবি) তা তদন্ত করছে।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম রোববার বিকালে সাংবাদিকদের জানান, শনিবার তদন্তের দায়িত্ব পাওয়ার পর রাজিবের স্ত্রীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
রাজীবের বন্ধুরা বলছেন, ব্লগে জামায়াত-শিবিরের বিরুদ্ধে লেখালেখিই গণজাগরণ মঞ্চের এই কর্মীর হত্যাকাণ্ডের কারণ।
একটি ব্লগে পোস্টে কিছুদিন আগে রাজীবকে হুমকির বিষয়টিও তুলে ধরেছেন তারা। সোনার বাংলা নামে ওই ব্লগ শনিবার বন্ধ করে দেয়া হয়।
পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “ব্লগে লেখালেখির বিষয়টিকে তদন্তে গুরুত্ব দেয়া হয়েছে। এজন্য বিভিন্ন সাইটে এসব লেখার ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।”
একই সঙ্গে অন্য কোনো বিষয় পাওয়া গেলে, তাও তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
