ইসলামী ব্যাংক কর্মকর্তা আটক
নাশকতার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকার মিরপুর থানা পুলিশ।
শহীদুল ইসলাম নামে ইসলামী ব্যাংকের ওই ভাইস প্রেসিডেন্টকে রোববার বিকালে মিরপুর থানায় নেয়া হয়।
তাকে ব্যাংটির মিরপুরের একটি শাখা থেকে আটক করা হয়, ‘যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠান’ হিসেবে গণজাগরণ মঞ্চ যে কয়েকটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে, ইসলামী ব্যাংক তার একটি।
মিরপুর থানার ওসি সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় কি না, সেজন্য ইসলামী ব্যাংকের এই কর্মকর্তাকে আটক করা হয়েছে।”
শাহবাগের আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার খুনের দুদিন বাদেই ইসলামী ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওই ব্যাংক করমকরতার কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ।
রাজীবকে গত শুক্রবার রাতে মিরপুরের পলাশ নগরে তার বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয়।
জামায়াত-শিবিরই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তার স্বজন ও সহযোদ্ধাদের দাবি।
একাত্তরে যুদ্ধাপরাধের জন্য জামায়াত-শিবিরকেও নিষিদ্ধ করার দাবি উঠেছে। দলটি সম্প্রতি পুলিশের ওপর হামলার জন্যও সমালোচনার মুখে।
শনিবার দুটি জেলায় জামায়াত ‘সংশ্লিষ্ট’ ইসলামী ব্যাংকের কার্যালয়ে হামলা হয়েছে।
