নাটোরে স্বামী-স্ত্রী খুন: গ্রেপ্তার ৩
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্বামী-স্ত্রী হত্যার মামলার তিন আসামিকে রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন নুরু মুন্সি (৫০), তার ছেলে সুমন মুন্সি (২০) এবং শিলা বেগম (২৩)।
শুক্রবার জমি নিয়ে পারিবারিক কলহের জের ধরে উপজেলার কালিকাপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আবুল খায়ের ওরফে আবু (৬০) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) নিহত হন।
শনিবার নিহতের মেয়ে হোসনে আরা বেগম সাত জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নূর ই আলম বলেন, সদর উপজেলার আগদিঘা থেকে নুরু মুন্সি ও সুমন মুন্সিকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া রাজশাহীর পুঠিয়া থেকে গ্রেপ্তার করা হয় শিলা বেগমকে।
এরা তিনজনই মামলার এজাহারভূক্ত আসামি বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
