রাজীব হত্যার প্রতিবাদে না’গঞ্জে মানববন্ধন
ব্লগার আহমেদ রাজীব হায়দারের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ ব্লগার ও ফেসবুক ইউজার ফোরাম।
রোববার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনের এ মানববন্ধন থেকে যুদ্ধাপরাধীদের বিচারসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধেরও দাবি জানানো হয়।
এছাড়া জামায়াতে ইসলামীর ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহতেরও ঘোষণা দেয়া হয়।
নারায়ণগঞ্জ ব্লগার ও ফেসবুক ইউজার ফোরামের আহবায়ক শাহজাহান শামীমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাংস্কৃতিককর্মী রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি হালিম আজাদ, সাবেক সভাপতি মাহবুবুবর রহমান মাসুম, রুমন রেজা, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, উদীচীর জেলার সাধারণ সম্পাদক পিন্টু সাহা, গণসংহতি আন্দোলন জেলা আহবায়ক তরিকুল সুজন, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ, জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের উদ্যোক্তা মজিবুল হক পলাশ, সাংবাদিক তানভীর হোসেন প্রমুখ।
