আখাউড়া স্থলবন্দরে স্বাভাবিক
পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানির কাজ স্বাভাবিক হয়েছে।
কালভার্ট নির্মাণ করা নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কাজ শনিবার সকাল ১০টা থেকে বন্ধ হয়ে গিয়েছিল।
তবে পরিস্থতি নিয়ন্ত্রণে থাকায় বিকাল তিনটা থেকে আবারো আমদানি রপ্তানির কাজ শুরু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান স্থলবন্দরটির সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল। তিনি বলেন, “রোববার সকাল থেকেও যথারীতি আমদানি-রপ্তানির কাজ চলছে।”
সীমান্ত আইন ভঙ্গ করে দুদেশের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে বিএসএফ জোর করে বক্স কালভার্ট নির্মাণ করার চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। শনিবার সকাল ১০টা থেকে দুপক্ষই শক্তি বৃদ্ধি করা শুরু করলে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
