সাইবার যুদ্ধে চট্টগ্রামের ব্লগাররা
জামায়াত-শিবিরের অপপ্রচার প্রতিহত করতে কাজ শুরু করেছে চট্টগ্রামের অর্ধশতাধিক ব্লগার।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে ‘গণজাগরণ মঞ্চ’ কার্যক্রমের সঙ্গে সংহতি জানিয়ে জামাল খান প্রেসক্লাব চত্বরের পাশে ‘আমরা প্রত্যেকে ব্লগার আমাদের হত্যা করুন’ কার্যক্রম শুরুর ঘোষণা দেন তারা।
এদিকে চট্টগ্রাম অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামও ‘সাইবার ওয়ার’ নামে নামে ‘গণজাগরণ মঞ্চের’ বিভিন্ন সংবাদ ছবি পোস্ট করছে।
সংগঠনটির সদস্য সুমিত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে ব্লগার রাজীব হায়দারকে খুন করার পর কে বা কারা তার নামে নতুন একটা আইডি করেছে।
এখান থেকে তারা ওই পেইজ ও আইডির বিরুদ্ধে রিপোর্ট করছেন।
তিনি আরো বলেন, এছাড়া এখান থেকে জামায়াত শিবিরের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অনলাইনে পোস্ট করা হচ্ছে।
‘আমরা প্রত্যেকে ব্লগার আমাদের হত্যা করুন’ এ কর্মসূচি থেকে ব্লগাররা প্রজেক্টরের মাধ্যমে ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের যুদ্ধাপরাধীদের নিয়ে যে আন্দোলন চলছে সে সম্পর্কিত বিভিন্ন পেইজ এবং জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন কর্মকাণ্ডের পেইজগুলো প্রদর্শন করছে।
এ আয়োজনের আয়োজকদের একজন মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাতে ব্লগার রাজীব হায়দার হত্যার খবরটি পাওয়ার পর ‘আমরা প্রত্যেকে ব্লগার আমাদের হত্যা করুন’ শিরোনামে ফেইসবুকে স্ট্যাটাস দিই।”
স্ট্যাটাসটি প্রকাশ করার পর থেকে অনেকে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জামায়াত ইসলামীর কর্মীরা এ আন্দোলন নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।
