২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব হত্যার প্রতিবাদ রাবিতে

শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যার প্রতিবাদে কালো ব্যাচ ধারণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 02:36 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আন্দোলনকারী কয়েকশ’ শিক্ষার্থী শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে রাজীব হত্যার প্রতিবাদে দু’মিনিট নীরবতা পালন করেন।

পরে যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের সঙ্গে একযোগে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন।

শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের পলাশনগরে নিজ বাড়ির সামনে কুপিয়ে জবাই করা হয় রাজীবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, টুকিটাকি চত্বরে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান, জাগরণের গান, নাটক ও কবিতা আবৃত্তি অব্যাহত রয়েছে।

এদিকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শুক্রবার থেকে চলছে চলচ্চিত্র প্রদর্শনী। চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

সাত দিনব্যাপী এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা।

প্রতিদিন সন্ধ্যায় ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে এ প্রদর্শনী চলবে বলে আয়োজকরা জানান।

এর অংশ হিসেবে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ প্রর্দশিত হয়।

শুক্রবার সন্ধ্যায় দেখানো হয় সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লেবান’ অবলম্বনে চলচ্চিত্রকার নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু নির্মিত চলচ্চিত্র ‘গেরিলা’।

চলচ্চিত্র আয়োজক কমিটির সদস্য সুজন নাজির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির আন্দোলনকে বেগবান করতে তারা প্রতিদিন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন।