২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে হরতালে মাঠে নেই জামায়াত-শিবির

কক্সবাজারে শনি ও রোববার হরতাল ডাকলেও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির মাঠে নেই। হরতালের সমর্থনে তারা কোনো পিকেটিং বা মিছিল করেনি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 01:52 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

তবে হরতালবিরোধী মিছিল সমাবেশ করেছে সরকারি দল আওয়ামী লীগ।

পুলিশ জানিয়েছে, কক্সবাজারে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শুক্রবার জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে হাতাহতের ঘটনার পর জামায়াতে ইসলামী শনিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে।

হরতালে সকাল থেকে কক্সবাজার শহরে র‌্যাব, বিজিবি ও পুলিশের টহল চলছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।

শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। সকালে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যা বাড়তে থাকে। দুপুর থেকে রিকশা, ইজিবাইক ছাড়াও ট্যাক্সি চলাচল করতে দেখা গেছে। সকালে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও দুপুরের পর খোলা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি সদস্যরা সর্তক রয়েছে। মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত।

তিনি জানান, সংঘর্ষে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ২৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

এদিকে দুপুর ১২টার দিকে কক্সবাজার পৌর আওয়ামী লীগ ও বিকাল সাড়ে ৪টায় জেলা আওয়ামী লীগ জামায়াত-শিবিরের তা-ব ও হরতালবিরোধী মিছিল বের করে।

মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে সমাবেশ করে।

শুক্রবার সাঈদীর মুক্তির দাবিতে শহরের বিভিন্ন স্থান থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিল থেকে পুলিশের উপর হামলা চালায়। এতে ব্যাপক গোলাগুলি হয়। শিবিরের ককটেল বিষ্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগের, ইট-পাটকেল নিক্ষেপসহ শহর রণক্ষেত্রে পরিণত হয়।

এ সংঘর্ষে প্রশাসন তিন জন নিহত হয়েছে বললেও জামায়াতের দাবি তাদের চারকর্মী নিহত হয়েছেন।