কক্সবাজারে নিহত ৩ জনের লাশ হস্তান্তর
কক্সবাজারে পুলিশ ও জামায়াত-শিবিরের সংঘর্ষে নিহত তিন ব্যক্তির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকাল ৪টার দিকে স্বজনদের জিম্মায় তিন জনের মৃতদেহ দেয়া হয়েছে।
মৃতদেহ নিতে আসা পরিবারের সদস্যরা বলেন, নিহতরা কেউ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।
স্বজনরা লাশ নিয়ে রাজনীতি না করা আহবান জানান জামায়াতের প্রতি। এছাড়া এ হত্যাকা-ের বিচারও দাবি করেন।
শুক্রবার কক্সবাজারে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে নিহত হন জেলা শহরের রুমালিয়ারছড়া গোদারপাড়ার কলিম উল্লাহর ছেলে তোফায়েল আহমদ (২৮), সদরের ইসলামপুর ইউনিয়নের ধর্মছড়ার নুরুল আলমের ছেলে নুরুল হক (৩২) এবং চট্টগ্রামের সাতকানিয়ার হামিদ আলীর ছেলে সালেহ আহমদ ফারুক (৪০)।
তোফায়েলের দেহ গ্রহণ করেন তার বাবা কলিম উল্লাহ। এ সময় তোফায়েলের ভাই হাফেজ আহমদ জিসানও উপস্থিত ছিলেন। নুরুল হকের দেহ নেন তার ভাই নুরুল আমিন। সালেহ আহমদ ফারুকের লাশ নেন তার ভাই মকসুদ মিয়া।
তোফায়েলের বাব কলিম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তিন মাস আগে তার বিয়ে হয়েছে। ইলেক্ট্রিক মিস্ত্রী ছিলেন তিনি।
কোনো মাদ্রাসার ছাত্রও নন তিনি, বলেন তার বাবা।
তোফায়েলের ভাই হাফেজ আহমদ জিসান বলেন, রাজনৈতিকভাবে তোফায়েল শিবিরের সঙ্গে জড়িত ছিলেন না। জুমার নামাজ শেষে সংঘর্ষের খবর পেয়ে বাবাকে মসজিদ থেকে আনতে গিয়ে মারা গেছেন তিনি।
তিনি তার ভাইয়ের হত্যার বিচার দাবি করেন।
নুরুল হকের ভাই নুরুল আমিন বলেন, তার ভাই ছিলেন কৃষক। জমিতে সেচ কাজের যন্ত্রাংশ কিনতে কক্সবাজার শহরে আসেন।
তাকে রাজনৈতিক কর্মী বলে একটি মহল ফায়দা লোটার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।
সালেহ আহমদ ফারুকের ভাই মকসুদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাই রাজনীতি করতেন না। জীবিকার জন্য কক্সবাজার শহরে ফুটপাতে বসে ফল বিক্রি করতেন।
শুক্রবার সাঈদীর মুক্তির দাবিতে শহরের বিভিন্ন স্থান থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিল থেকে পুলিশের উপর হামলা চালায়। এতে ব্যাপক গোলাগুলি হয়। শিবিরের ককটেল বিষ্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগের, ইট-পাটকেল নিক্ষেপসহ শহর রণক্ষেত্রে পরিণত হয়।
এ সংঘর্ষে প্রশাসন তিন জন নিহত হয়েছে বললেও জামায়াতের দাবি তাদের চারকর্মী নিহত হয়েছেন।
