‘ব্যর্থতা ঢাকতে নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে সরকার’
‘দুর্নীতি-ব্যর্থতা’ আড়াল করতে সরকার নতুন ‘কলা-কৌশল’ অবলম্বন করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “চার বছরের ব্যর্থতা ও দুর্নীতির কোনো কুল কিনারা না করতে পেরে এখন সরকার নতুন করে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারা নতুন নতুন কলা-কৌশল শুরু করেছে।”
তিনি দেশে ‘গণতন্ত্র ফিরিয়ে আনার চলমান আন্দোলনে’ তরুণ প্রজন্মসহ ছাত্র সমাজকে এগিয়ে আসার আহবানও জানান।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের কথিত সন্ত্রাস ও নির্দলীয় সরকারের দাবিতে এই সমাবেশ ও মিছিল হয়।
মিছিলটি বিজয়নগর, পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদল মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়।
মির্জা ফখরুল দাবি করেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই-সংগ্রাম করছে। কিন্তু সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, “১৯৭৫ সালে আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলো। আমাদের স্মরণ শক্তি ভোতা হয়ে যায়নি, তখন তারা সিরাজ শিকদারকে পেছন দিকে থেকে গুলি করে সংসদে দম্ভ করে বলেছিলো- কোথায় সিরাজ সিকদার। হাজারো বিরোধী নেতা-কর্মীকে নির্যাতন, হত্যা ও গুম করা হয়েছিলো।’’
দেশের বর্তমান পরিস্থিতিকে ১৯৭৫ সালের সময়ের সঙ্গে তুলনা করে এই বিএনপি নেতা অভিযোগ করেন, এখনো হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বিরোধী নেতা-কর্মীদের গুম করা হয়েছে।
দলের ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে শাহবাগে ‘কটুক্তি’ করা হচ্ছে। জিয়াই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। বিএনপি ও ছাত্রদল মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে বলেও দাবি করেন তিনি।
জিয়াকে নিয়ে কটুক্তি না করার আহবানও জানান বিএনপি দলীয় এই সাংসদ।
সংগঠনের সভাপতি আবদুল কাদের জুয়েলের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব বক্তব্য রাখেন।
এছাড়া সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, হাবিবুর রহমান হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল, ফজলুল হক মিলন, আবুল খায়ের ভুঁইয়া, খায়রুল কবীর খোকন, হাবিবুল ইসলাম হাবিব, কামরুজ্জামান রতন, হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, মাহবুবুল আলম নান্নু, রফিক শিকদার, শামীমুর রহমান শামীম, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল আউয়াল খান, মীর নেওয়াজ আলী নেওয়াজসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
