২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোনো বাধাই বিচার ঠেকাতে পারবে না’

কোনো ধরনের বাধা সৃষ্টি করেই যুদ্ধাপরাধের বিচার ঠেকানো যাবে না বলে সতর্ক করে দিয়েছেন  স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 12:04 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল বাধার সৃষ্ঠি করলে সেই বাধা টিকবে না।

“সব বাধা সরিয়ে জয়ের পথে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারের তরফ থেকে আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ।”

বাংলাদেশে যে যুদ্ধাপরাধীদের কোনো স্থান নাই- তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে মন্তব্য করে মহীউদ্দীন খান আলমগীর বলেন, “যথারীতি বিচার কাজ সম্পন্ন হবে। বাংলাদেশের মাটিতে তাদের [যুদ্ধাপরাধীদের] শাস্তি পেতে হবে।”

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী শামসুল হক টুকু আগারগাঁও কোস্ট গার্ড সদর দপ্তরে পৌঁছান। সেখানে মন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, কোস্ট গার্ড সদস্যরা সব শক্তি নিয়োগ করে উপকূলীয় এলাকায় সম্পদ রক্ষা, বন্দরে জলদস্যুসহ চোরাচালান রোধে কাজ করছে।

তিনি বলেন, “এই কোষ্ট গার্ড প্রতিষ্ঠার সময় কেউ কেউ বাধা দিয়েছিলেন। কিন্তু সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান গড়ে উঠে।”

পরে উন্নয়ন ও বিভিন্ন ভূমিকার জন্য ৪৫ জনকে বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক,  বাংলাদেশ কোস্ট গার্ড পদক (সেবা) ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (সেবা) দেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

পরে এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল কাজী সারোয়ার  হোসেইন বলেন, প্রতিকূলতার মধ্যেও কোস্ট গার্ড সদস্যরা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

এশিয়া ভিত্তিক নৌযান নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান রিক্যাপের প্রতিবেদনে আগে চট্রগ্রাম বন্দরকে ‘ঝুঁকিপূর্ণ’ বন্দর হিসেবে উল্লেখ করলেও গত বছরের প্রতিবেদনে তা আর ঝুঁকিপূর্ণ নেই বলে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

মহাপরিচালক বলেন, কোস্ট গার্ড সদস্যদের নিরলস প্রচেষ্টার ফলে এই অর্জন এসেছে।

তিনি জানান, ২০১২ সালে কোস্ট গার্ড সদস্যরা ৫৮৬ কোটি টাকার অবৈধ পণ্য আটক করে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ।

১২টি জাহাজ ও ৮৮টি স্পীড বোট নিয়ে ৭১০ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় দুই হাজার কোস্ট গার্ড সদস্য কাজ করছে।

সম্প্রতি সরকার এ বাহিনীতে আরো জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।