হাজারীবাগে আগুনে পুড়ল ৩ জন
রাজধানীর হাজারীবাগের একটি বাস্তি ও মাদ্রাসায় আগুন লেগে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
রাজধানীতে বস্তিতে আগুন, ফাইল ছবি
অগ্নি নির্বাপক বাহিনীর ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর বস্তির ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া যায় তিন জনের মৃতদেহ।
এরা হলেন- মো. জয়নাল মিয়া (৬৫), মো. ফেরদৌস (১২) ও মো. হোসেন(৭)। তাদের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কামরাঙ্গীর চর থানার উপ পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগুনে বস্তি ছাড়াও ‘জামিয়া ওবায়দিয়া মদিনাতুল উলুম মাদ্রসার’ কিছু অংশ পুড়ে যায়। নিহত ফেরদৌস ও হোসেন ওই মাদ্রাসারই ছাত্র ছিল।
নুরুল ইসলাম জানান, প্রথমের মাদ্রাসার সামনের একটি দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। তারপর মাদ্রাসার টিনশেড কাঠামো ও বাস্তিতে ছড়িয়ে যায়।
ফেরদৌস ও হোসেনকে পুড়ে যাওয়া মাদ্রসা থেকে এবং জয়নালকে পুড়ে যাওয়া একটি দোকান থেকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় আশিটি বাসত ঘর ও দশটি দোকান পুড়ে গেছে। এতে অন্তত দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
এর পেছনে নাশকতা রয়েছে কি না জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার ওসি মো. আরাফাত রহমান বলেন, “বিষয়টি খটিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদ্রাসার সামনের দোকান থেকে আগুনের উৎপত্তি।”
এর আগে গত ২১ জানুয়ারি রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন এক বস্তিতে আগুন লেগে প্রায় ৪০টি ঘর ও ২৫টি রিকশা পুড়ে যায়। আর গত বছর ১৮ নভেম্বর হাজারীবাগের বউবাজার বস্তিতে আগুনে মৃত্যু হয় ১১ জনের।
