কক্সবাজারে পরিবহণ শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ১০
কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে বুধবার পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।
সংঘর্ষে আহত হন কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন, ঝিলংজা ইউনিয়নের মেম্বর আবদুর রহিম, কক্সবাজার সিটি কলেজের শিক্ষক আকতার চৌধুরী, কলেজের ৫ শিক্ষার্থী ও ২ জন পরিবহণ শ্রমিক।
আহত শিক্ষক আকতার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডুলাহাজরা সাফারী পার্কে পিকনিক করে ফেরার পথে খরুলিয়া এলাকায় চকরিয়া থেকে আসা একটি মিনিবাস তাদের একটি বাসের পেছনে ধাক্কা দেয়।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে জনতা ও শ্রমিকের সংঘর্ষ হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন কয়েকটি পিকনিক বাস ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় পিকনিকের একটি বাসের শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখে পরিবহণ শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একদল শ্রমিক বাস টার্মিনালে কলেজ শিক্ষার্থীদের মারধর করে।
শিক্ষার্থীরাও মিছিল নিয়ে এসে ৬টি বাস ও ৪টি ইজিবাইক ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে।
এতে শ্রমিক, শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
