২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে শিক্ষক খুন: গ্রেপ্তার রিয়াদ পুলিশ হেফাজতে

কেরানীগঞ্জের চুনকুটিয়ায় এক স্কুল শিক্ষককে পিঠে ছুরি মেরে হত্যার মামলায় গ্রেপ্তার মো. রিয়াদ হোসেন ওরফে জিসানকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতে নেয়ার অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 12:51 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বুধবার বিকালে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ শহীদুল ইসলাম এ অনুমতি দেন। এ সময় রিয়াদের পক্ষে জামিন চাওয়া হলে তা নাকচ করে দেন এ বিচারক।

রিয়াদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চান মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক একেএম আজাদ ।

হেফাজতের এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন এ আদালতের  প্রসিকিউশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান।

এসএসসি পরীক্ষায় নকল করতে বাধা দেয়ায় কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক মোস্তফা ভূঁইয়াকে (৩৮) সোমবার সকালে ছুরিকাঘাতে খুন করে পরীক্ষার্থী রিয়াদ।

হেফাজতের আবেদনে বলা হয়, রিয়াদ খুনের কথা স্বীকার করেছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারসহ খুনের বিষয়টি আরো পরিষ্কার হওয়ার জন্য তাকে হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ জরুরি।

গত রোববারের পরীক্ষায় নকলে বাধা দেয়ার জের ধরে সোমবার সকাল ৭ টায় নিহতের বাড়িতে ঢুকে মোস্তফা ভূঁইয়াকে হত্যা করে রিয়াদ।

হেফাজতের আবেদনে আরো বলা হয়, আসামি প্রাইভেট কোচিংয়ের টাকা দেওয়ার ভান করে নিহতের বাসার দরজায় নক করে। দরজা খুলে  দিলে পকেট থেকে ছুরি বের করে শিক্ষককে আঘাত করে রিয়াদ পালিয়ে যায়। নিহতের স্ত্রী তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার গভীর রাতে রিয়াদকে কেরানীগঞ্জের কুসুমবাগের ইদ্রিস সরদারের বাড়ি থেকে  গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান সাংবাদিকদের জানান।