২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন দেয়ায় বিচারককে তলব

পুরান ঢাকায় পরাগ অপহরণ এবং হল-মার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় আসামিদের জামিন দেয়ায় ঢাকার জেলা ও দায়রা জজ  এবং ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজকে তলব করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 11:26 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

পৃথক দুটি আবেদনের শুনানি করে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।

এর মধ্যে পরাগ অপহরণের ঘটনায় আসামিদের জামিন দেয়ায় ঢাকার জেলা ও দায়রা জজ আব্দুল মজিদকে আগামী ২০ ফেব্রয়ারি সকাল সাড়ে ১০টায় উচ্চ আদালতে আসতে বলা হয়েছে। ওই আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার আব্দুল মান্নানকেও একই সময় আদালতে হাজির হতে হবে।

এছাড়া হল-মার্কের চেয়ারম্যানকে জামিন দেয়ায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হককে উচ্চ আদালতে আসতে হবে ১৮ ফেব্রয়ারি সকাল সাড়ে ১০টায়।

আবেদনকারীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী  ইউনুস আলী আকন্দ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার আদালতে শুনানি করেন।

নাজিম আহমেদের পক্ষে ইউনুস আলী আকন্দ সকালে পরাগ অপহরণকারীদের জামিন বাতিলের আবেদন করেন। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত দুটি প্রতিবেদন যুক্ত করে আবেদনটি করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, পরাগ মণ্ডল অপহরণ মামলায় গত ২ জানুয়ারি আবুল কাশেম জামিন পান। এরপর যুবলীগ নেতা আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা ১৫ জানুয়ারি, আলফাজ হোসেন ২৩ জানুয়ারি, রিজভী আহম্মেদ ২৮ জানুয়ারি ও মামুন মিয়া ৭ ফেব্রুয়ারি জামিন পান।

এর আগে গত রোববার নাজিম আহমেদের পক্ষে ইউনুস আলী আকন্দ হল-মার্কের বিষয়ে আবেদনটি আদালতে দাখিল করলে পরদিন শুনানি করে হল-মার্ক চেয়ারম্যান জেসমিন ইসলাম যাতে দেশত্যাগ না করতে পারেন তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় আদালত।

তবে ওই আদেশের অনুলিপি সরবরাহ না হওয়ায় বুধবার বিষয়টি আদালতের নজরে আনা হয়। তখন ওই আদেশ সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপশি জেসমিন ইসলামকে জামিন দানকারী জজকে তলবেরও আদেশ দেয় আদালত।

গত ১১ নভেম্বর স্কুলে যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিম শুভাঢ্যা এলাকায় মা ও বোনকে গুলি করে প্রথম শ্রেণীর ছাত্র পরাগকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা।

তিনদিন পর কেরানীগঞ্জের আঁটিবাজারে প্রায় অচেতন অবস্থায় পাওয়া যায় পরাগকে। তাকে মুক্তিপণের বিনিময়ে ছাড়িয়ে আনা হয় বলে র‌্যাব দাবি করলেও পুলিশের বক্তব্য, চাপের মুখে শিশুটিকে ছেড়ে দেয় অপহরণকারীরা। এই অপহরণের ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৪ অক্টোবর কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলাম, তার স্বামী হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে।

এরপর গত বছরের ৭ নভেম্বর মানিকগঞ্জ থেকে জেসমিনকে গ্রেপ্তার করে র‌্যাব। তার আগে গ্রেপ্তার হন তার স্বামী তানভীর ও ভাই হল-মার্কের মহাব্যবস্থাপক তুষার আহমেদ।

হল-মার্কের অনিয়মের তথ্য বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে প্রকাশ পেলে তা নিয়ে দেশব্যাপী তুমুল আলোচনা হয়। এরপর দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। মামলা দায়েরের আগে তানভীর ও জেসমিনকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

পুরনো খবর:

পরাগ অপহরণ: আটকে গেলেন আসামি জাহিদ