প্রবাসী লেখক আব্দুল মতিন আর নেই
জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও প্রবাসী লেখক আব্দুল মতিন মারা গেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় লন্ডনের টুটিংয়ের সেন্ট জর্জেস হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
এক সময় বামপন্থী রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন আব্দুল মতিন।
তার মুত্যুতে শোক প্রকাশ করে সাহিত্যিক ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী বলেন, “আমাদের প্রগতিশীল সাহিত্য সংস্কৃতি ও রাজনীতির একজন মহীরুহের পতন হল। তার মৃত্যুর সাথে আমাদের একটি গৌরবোজ্জল যুগের অবসান ঘটল। তার মুত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবে না।”
১৯২৪ সালের ১৩ এপ্রিল নোয়াখালির জামালপুর গ্রামে জন্ম নেয়া চল্লিশের দশকে প্রথমার্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হন। এরপর ১৯৪৬ সালে ব্রিটিশবিরোধী আন্দোলন ও কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। এ সময় কারাবরণও করতে হয় তাকে।
১৯৪৭ সালে দেশভাগের পর সাংবাদিকতা শুরু করেন আব্দুল মতিন। ইউনাইটেড প্রেস অব ইন্ডিয়া নামের সংবাদ সংস্থায় (ইউপিআই) ঢাকা প্রতিনিধি হিসেবে শুরু হয় তার সাংবাদিকতা জীবন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে ঢাকায় যখন ছাত্রদের উপর গুলি চালানো তখন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ট্রাংকলের মাধ্যমে দেশের বাইরে এ খবর প্রচার করেন তিনি।
পরবর্তীতে দৈনিক আজাদ পত্রিকায় এবং ইউনাইটেড প্রেস অব পাকিস্তান (ইউপিপি) নামের সংবাদ সংস্থায় কাজ করেন। ঢাকা প্রেসক্লাব প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুল মতিন। তিনি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি। পরবর্তীতে দুইবার প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন তিনি।
১৯৬০ সালে লন্ডনে যান এই সাংবাদিক। বন্ধু ও সহকর্মী তাসাদ্দুক আহমদের জার্মান স্ত্রীর এক বান্ধবীর সঙ্গে বিয়ে হয় তার। তখন থেকে সেখানে স্থায়ীভাবে বসবাস ছিল তার। মৃত্যুর সময় স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
মুক্তিযুদ্ধের সময় প্রবাসে বিভিন্ন পত্রিকা, নিউজলেটার প্রকাশ করে জনসমর্থন তৈরিতে ভূমিকা রাখেন আব্দুল মতিন। প্রবাসে মুক্তিযুদ্ধের ওপর প্রথম লেখা বইও তার। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর প্রতিবাদ জানিয়ে লন্ডন থেকে সানরাইজ নামের একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করেন তিনি।
অনুবাদসহ মোট ২৯টি বই রয়েছে আব্দুল মতিনের। তার উল্লেখযোগ বইয়ের মধ্যে রয়েছে ইউরোপের দেশে দেশে, জেনেভায় বঙ্গবন্ধু, কাস্তে (ছোটগল্প সংগ্রহ), স্বাধীনতা সংগ্রামে প্রবাসি বাঙালি, প্রবাসির দৃষ্টিতে বাংলাদেশ, শেখ হাসিনা একটি রাজনৈতিক আলেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব: কয়েকটি প্রাসঙ্গিক বিষয়, স্মৃতিচারণ: পাঁচ অধ্যায়, রোমের উত্থান ও পতন, মহানগরী লন্ডন ইত্যাদি।
