২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ডাকাতিকালে মিয়ানমার নাগরিক আটক

কক্সবাজারে সড়ক ডাকাতির সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ এক মিয়ানমার নাগরিককে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 09:35 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

মঙ্গলবার রাত ৩টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কে পানের ছড়াঢালায় এ সংঘর্ষে তিন পুলিশ আহত হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার।

তিনি বলেন, আটক মোহাম্মদ ছিদ্দিক মিয়ানামরের আকিয়াবের মংডুর লাপ্পিয়া এলাকার বাসিন্দা। কয়েক বছর ধরে তিনি কক্সবাজারে অবৈধভাবে বসবাস করছেন।

বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, কক্সবাজার-টেকনাফ সড়কে ব্যারিকেড দিয়ে যাত্রীবাহী বাসে ডাকাতির চেষ্টার খবর পেয়ে পুলিশের বিশেষ টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে দুপক্ষের গোলাগুলি হয়।

এতে পুলিশের সিপাহি মানস বড়ুয়া, মিটু দাশ ও হাবিলদার মোজাম্মেল আহত হন, বলেন তিনি।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, এক পর্যায়ে ডাকাতরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থলের কিছুটা দূর থেকে গুলিবিদ্ধ ডাকাত সর্দার মোহাম্মদ ছিদ্দিককে আটক করা হয়।

তার কাছ থেকে একটি রিভলভার, একটি দেশে তৈরি বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধারও করা হয়।

ছিদ্দিকের বিরুদ্ধে পুলিশের অস্ত্র লুটসহ চারটি মামলা রয়েছে বলে তিনি জানান।