জাগরণে বসন্তরাগ
ইতিহাসের দায় মেটাতে তরুণ প্রাণ জেগেছে আগেই। বসন্তের প্রথম সকালে শাহবাগের গণজাগরণ গড়িয়েছে নবম দিনে।
যুদ্ধাপরধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীর সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান, কবিতা, গানে আরো একটি নির্ঘুম রাত কাটিয়ে পহেলা ফাল্গুন বুধবার শাহবাগের আন্দোলনকারীরা দিন শুরু করেছে জাতীয় সংগীতের মধ্য দিয়ে।
ভোর সাড়ে ৬টায় গণজাগরণ মঞ্চ থেকে যখন ভেসে আসে- আমার সোনার বাংলা/আমি তোমায় ভালবাসি- উঠে দাঁড়িয়ে সেই সুরে কণ্ঠ মেলান সমবেত সবাই।
বসন্ত এবার শাহবাগে এসেছে অগ্নিঝরা স্লোগান হয়ে, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়ে। সকালে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শাহবাগ ও চারুকলা অনুষদের বকুলতলায় বসন্ত বরণে জড়ো হয়েছেন, তাদের গায়ে বাসন্তি, গেরুয়া, লাল, কমলার সঙ্গে প্রতিবাদের কালোও আছে, কপালে আছে ‘রাজাকারে ফাঁসি চাই’ লেখা ব্যান্ডানা, আছে জাতীয় পতাকাও।
সকাল সাড়ে ৭টায় বকুল তলায় যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত আবাহন। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের অনুষ্ঠানসূচিতে জাগরণী গানও রয়েছে।
জাতীয় পাতাকা কাঁধে নিয়ে ফাগুন সকালে শাহবাগের তারুণ্য
মঙ্গলবার বিকাল ৪টা থেকে তিন মিনিট সারা দেশে যার যার অবস্থানে নিরবে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে একাত্মতা জানানোর অভূতপূর্ব কর্মসূচির পর এবার মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি এসেছে শাহবাগের নবজাগরণ মঞ্চ থেকে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ কর্মসূচি পালিত হবে।
এদিন যে যেখানে থাকবেন সেখানেই একটি করে মোমবাতি প্রজ্বলন করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাতে আহ্বান করা হয়েছে নবজাগরণ মঞ্চ থেকে।
এছাড়া বুধবার বিকেল ৩টায় প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চে ফাল্গুনের প্রতিবাদী গান পরিবেশন করবেন শিল্পীরা।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর ওই রায় প্রত্যাখ্যান করে শাহবাগ মোড়ে এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে।
সেই থেকে জাগ্রত জনতা রাতদিন শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে আসছে- ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।’
জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে শাহবাগের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। মন্ত্রিসভায় ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাব অনুমোদনও করা হয়েছে। সংসদের চলতি অধিবেশনেই আইন সংশোধনের বিল পাস করে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল করার সুযোগ সৃষ্টি করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
চারুকলার বকুলতলায় বসন্তবরণ উৎসবেও জাগরণের ঢেউ
যুদ্ধাপরাধে আটক নেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভ থেকে কয়েক মাস ধরে পুলিশের ওপর হামলা চালানোর মধ্যে কাদের মোল্লার রায়ের আগের দিন মতিঝিলে সমাবেশ করে ‘গৃহযুদ্ধের’ হুমকি দেয় জামায়াত।
গত শুক্রবার মহা সমাবেশ করে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এই দলটিকে নিষিদ্ধ করারও দাবি জানায় শাহবাগের আন্দোলনকারীরা।
এদিকে গণজাগরণের কেন্দ্রস্থল শাহবাগে বসানো হচ্ছে শহীদ জননী জাহানার ইমামের বিশাল একটি প্রতিকৃতি। ৩০ ফুট বাই ১৫ ফুট মাপের এই প্রতিকৃতিটি তৈরি করেছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
