জেল হত্যার রায় নতুনভাবে চাওয়া হল
জেল হত্যা মামলায় নিম্ন আদালত ও হাই কোর্টের বিচার যথাযথ হয়নি দাবি করে ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ চেয়েছেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলী আনিসুল হক।
সংবিধানের ১০৪ অনুচ্ছেদে বলা হয়েছে, “কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদঘাটন বা দাখিল করিবার আদেশসহ আপিল বিভাগের কাছে বিচারাধীন যে কোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য যেরূপ প্রয়োজনীয় হইতে পারে, উক্ত বিভাগ সেইরূপ নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারি করিতে পারিবেন।”
মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে আনিসুল হক এই অনুচ্ছেদের আওতায় ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ চান।
তিনি বলেন, “আমি আগেও বলেছি, এই মামলার দুটি দিক আছে। একটি হচ্ছে অপরাধ সংঘটন, দ্বিতীয়টি হচ্ছে ষড়যন্ত্র। তবে ষড়যন্ত্রের বিষয়টি বিচারিক আদালত গ্রহণ করেননি।
“হাই কোর্টেও ২০০২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত আসামিদের বিরুদ্ধে বক্তব্য রাখতে রাষ্ট্রপক্ষের কোনো সুযোগ ছিল না এবং সময়ের প্রেক্ষিতে এ মামলার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেয়া হয়।”
এই মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত দুজনকে হাই কোর্ট খালাস দেয়।
“সংবিধান ১০৪ অনুচ্ছেদ অনুসারে এর প্রতিবিধান করতে পারে আপিল বিভাগ। আমি আশা করি, সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়সঙ্গত রায় দেবে আপিল বিভাগ,” বলেন আনিসুল হক।
আদালতে রাষ্ট্রপক্ষে আনিসুল হক ছাড়াও ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদালত নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী হিসেবে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনও শুনানিতে ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী চার নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।
ওই ঘটনায় মামলা দায়েরের ২৩ বছর পর ১৯৯৮ সালের ১৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান ঘোষিত রায় রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ড হয় বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, একেএম মহিউদ্দিন আহমেদসহ ১২ জনের।
এছাড়া বিএনপি নেতা কেএম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুর খালাস পান।
ওই রায়ের বিরুদ্ধে আপিল হলে হাই কোর্ট ২০০৮ সালে মৃত্যুদণ্ডের আসামি দফাদার মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে অব্যাহতি দেয়। মোসলেমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারুক, শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিনকেও খালাস দেয় হাই কোর্ট।
হাই কোর্টের রায়ে আট সেনা কমকর্তার সাজা বহাল রাখা হয়। এরা হলেন- খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এমএইচএম বি নূর চৌধুরী, এএম রাশেদ চৌধুরী, আহমদ শরিফুল হোসেন, আবদুল মাজেদ, মো. কিসমত হোসেন ও নাজমুল হোসেন আনসর।
এছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলায় ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিনের ফাঁসি কার্যকর হওয়ায় তাদের বিরুদ্ধে আপিলের আবেদন অকার্যকর হবে বলে আদালতের আদেশে বলা হয়।
কিন্তু এই বিচার সঠিকভাবে হয়নি অভিযোগ করে চার নেতার পরিবারের সদস্যরা পুনর্বিচারের দাবি জানায়।
সরকারের কয়েকজন মন্ত্রীও পুনর্বিচারের কথা বলেন। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করা হয়।
২০১১ সালের ১১ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন মঞ্জুর করে।
আদেশে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত তবে হাই কোর্টের রায়ে খালাস পাওয়া দফাদার মারফত আলী শাহ ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। আত্মসমর্পণ না করলে তাদের গ্রেপ্তার করার নির্দেশ দেয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।
আপিলের অনুমতি পাওয়ার এক বছর আট মাস পর আলোচিত জেল হত্যা মামলায় আপিলের সংক্ষিপ্তসার গত ১ নভেম্বর আপিল বিভাগে জমা দেয় রাষ্ট্রপক্ষ।
এরপর গত ১২ ডিসেম্বর এই মামলায় পলাতক দুই আসামির পক্ষে মামলা পরিচালনার জন্য ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দেয় আদালত।
পরে জানুয়ারি মাসে মামলার মূল শুনানি শুরু হয়।
