সেনা তত্ত্বাবধানে চট্টগ্রাম ফ্লাইওভারের কাজ শুরু
চট্টগ্রামের বহদ্দারহাটে দুর্ঘটনাকবলিত নির্মাণাধীন ফ্লাইওভারের অসমাপ্ত কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা আনুষ্ঠানিকভাবে অসমাপ্ত নির্মাণ কাজের তত্ত্বাবধান শুরু করেন।
এর আগে সেনাবহিনী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওই) স্বাক্ষরিত হয়।
সেনাবাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল খান ও সিডিএ’র পক্ষে চেয়ারম্যান আবদুচ ছালাম এতে সই করেন।
সিডিএ’র প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেনাবাহিনী ফ্লাইওভারের অসমাপ্ত নির্মাণকাজ তত্ত্বাবধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে নিয়েছে। বাকি নির্মাণ কাজ তাদের সামগ্রিক তত্ত্বাবধানেই হবে।
তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার এন্টারপ্রাইজ নির্মাণ কাজ সেনাবহিনীর তত্ত্বাবধানে করবে। তারা নির্মাণকাজের কৌশলগত, গুণগত মানসহ সবকিছুই দেখভাল করবেন।
নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের নির্মাণ কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান প্রকৌশলী বলেন, আগামী জুনের মধ্যে বাকি কাজ সম্পন্ন করা যাবে বলে আশা করছি।
গত বছরের ২৪ নভেম্বর রাতে বহদ্দারহাট ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়ে ১৩ জন নিহত হয়।
মীর আক্তার-পারিসা (জেভি) নামে ঠিকাদারি প্রতিষ্ঠান এটি নির্মাণ করছিল। বাকি নির্মাণ কাজ মীর আক্তার একাই করবে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর সিডিএ, গণপূর্ত মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কয়েকটি কমিটির প্রতিবেদনে দুর্ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করা হয়। সেনা তত্ত্বাবধানে চট্টগ্রাম ফ্লাইওভারের কাজ শুরু
