২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বিল সংসদে পাস

‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল-২০১২’ সংসদে পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 03:07 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে বিলটি পাসের জন্য উত্থপান করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। পরে বিলটি কন্ঠ ভোটে পাস হয়।

এর আগে, জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্থাব কন্ঠ ভোটে নাকচ হয়।

বিলটি গত বছরের ২০ নভেম্বর জাতীয় সংসদে উত্থাপন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

এই আইনে লভ্যাংশ নির্দিষ্ট সময়ে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কোম্পানির অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল পরিচালনায় গঠিত ট্রাস্টি বোর্ড লভ্যাংশ জমা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ট্রাস্টি বোর্ড যদি অব্যাহতভাবে ব্যর্থ হতে থাকে, তবে ব্যর্থতার প্রথম তারিখ থেকে প্রত্যেক দিনের জন্য আরো ৫ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।

এ আইনে আরো বলা হয়েছে, অপরিশোধিত অর্থ বা জরিমানা সরকারি আদেশ অনুযায়ী পরিশোধ করা না হলে তা সরকারি দাবি হিসেবে গণ্য হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন-২০০৬ প্রণয়ন করা হয়। আইনটি প্রয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট পদ্ধতি ও বাধ্যবাধকতার অভাবে যথাযথভাবে কার্যকর করা সম্ভব হচ্ছে না। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে বিলটি উত্থাপন করা হলো।