আন্দোলনে ডেপুটি স্পিকারের সংহতি
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার শওকত আলী।
মঙ্গলবার বিকেলে তিন মিনিটের নীরবতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আন্দোলনকারীদের মাঝে খাবার ও স্যালাইন বিতরণ করেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শাহবাগে গণ জমায়েতে বিকাল ৪টায় তিন মিনিট নীরবতা পালন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
পরে সেখানে খাবার ও স্যালাইনও বিতরণ করেন শওকত আলী।
এর আগে সংসদ ভবনের কার্যালয়ে ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি’র ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
এ সময় তাদের শাহবাগে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে চলমান গণআন্দোলনের বিষয়টি অবহিত করেন শওকত আলী।
কানাডার প্রাক্তন সংসদ সদস্য ও ইউএনডিপি’র উপদেষ্টা আনিতা নেভিল প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রতিনিধি দলে ইউএনডিপি’র উপদেষ্টা হিসেবে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিজাম ইউ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মইনুল ইসলাম, ভারতের লোকসভার প্রাক্তন মহাসচিব এস. গোপালন।
যুদ্ধাপরাধীদের ফাসির দাবিতে ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে সর্বস্তরের জনতার আন্দোলন চলছে গণজাগরণ মঞ্চে। এর সঙ্গে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একাত্মতা প্রকাশ করেছেন।
