২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় এসএমই মেলা শুরু

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের উৎসাহিত করতে ব্যাংকগুলোকে এক অংকের সুদের হারে ঋণ দেয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 01:21 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচিত এবং এর টেকসই উন্নয়নের মাধ্যমেই বৃহৎশিল্পের বুনিয়াদ শক্তিশালী হয় বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই মেলা ২০১৩’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, “বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর অধিকাংশই এসএমই খাতের উন্নয়নের মাধ্যমে শিল্পোন্নয়নের অভিযাত্রা শুরু করেছিলো। বাংলাদেশেও অপ্রচলিত রপ্তানি পণ্যসমূহ বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে এসএমই’র কল্যাণেই।”

চাহিদামাফিক ঋণের অভাব দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অন্যতম প্রধান সমস্যা উল্লেখ করে দিলীপ বড়ুয়া বলেন, উচ্চসুদের কারণে অনেক এসএমই উদ্যোক্তা ঋণ নিতে সাহস পায় না। পাশাপাশি রয়েছে জামানতের ঝামেলা।

তিনি জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত এক অংকের (শতকরা ৯ ভাগ) সুদের হারে জামানত ছাড়াই ১৩ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। এছাড়া মহিলা উদ্যোক্তাদের ৭ থেকে ২৪ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের ব্যবস্থা করা হয়েছে।

শিল্পমন্ত্রী আরো বলেন, এক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর দৃষ্টিভঙ্গীর দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এটা আরো নমনীয় হওয়া প্রয়োজন বরেও তিন মনে করেন।

শুধু রাজধানী কিংবা বিভাগীয় শহর নয়, সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে এধরনের মেলার আয়োজন করার জন্য এসএমই ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

পাঁচ দিনব্যাপী জাতীয় এসএমই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এসএমই প্রতিষ্ঠানের ১১০টি স্টল থাকছে। এসব স্টলে থাকছে চামড়াজাত সামগ্রী, হস্তশিল্প, পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ভেষজ পণ্য, ডিজাইন ও ফ্যাশনওয়্যার এবং লাইট ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল পণ্যসহ আরো অনেক ধরনের পণ্যের সমাহার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ও এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী।