‘নিরবতা’ হবে প্রতিবাদের ভাষা
যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীর সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগের গণজাগরণ গড়িয়েছে অষ্টম দিনে।
আগের দিনগুলোর মতোই স্লোগান, কবিতা, গানে নির্ঘুম রাত কাটিয়ে মঙ্গলবার ভোরে জাতীয় সংগীতের মাধ্যমে দিন শুরু করেছে শাহবাগের আন্দোলনকারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বড় হচ্ছে জমায়েত।
বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও দলে দলে যোগ দিচ্ছে এই আন্দোলনে।
এদিন বিকাল ৪টা থেকে তিন মিনিট সারা দেশে সবাইকে যার যার অবস্থানে নিরবে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে একাত্মতা জানানোর আহ্বান জানানো হয়েছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেয়া এবং আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার সারাদেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা রয়েছে জামায়াতের। যদিও ঢাকা মহানগর পুলিশ বলেছে, জামায়াতকে এ কর্মসূচি পালনের অনুমতি তারা দেননি।
যুদ্ধাপরাধে আটক নেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভ থেকে কয়েক মাস ধরে পুলিশের ওপর হামলা চালানোর মধ্যে কাদের মোল্লার রায়ের আগের দিন মতিঝিলে সমাবেশ করে ‘গৃহযুদ্ধের’ হুমকি দেয় জামায়াত।
পুলিশ বলছে, সব দিক বিবেচনা করে শাহবাগ এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম দিন থেকেই শাহবাগে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল, যা আজ আরো জোরদার করা হয়েছে।”
রোববার রাতেই শাহবাগ চত্বর এবং এর আশেপাশে ৩২টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সমাবেশের মূল মঞ্চ চৌরাস্তায়, সেটিসহ পুরো এলাকা এখন ক্যামেরার নজরদারিতে।
নিরাপত্তার কাজ সমন্বয় করতে একটি নিয়ন্ত্রণ কক্ষও চালু করা হচ্ছে বলে জানান তিনি।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদও সোমবার রাতে শাহবাগ গিয়ে নিরাপত্তা ব্যবস্থার তদারক করেন।
বিক্ষোভ শুরুর পর থেকে শাহবাগ মোড় দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। পশ্চিমে আজিজ সুপার মার্কেটে পুলিশের পাহারা বসিয়েছে। শেরাটনের সামনেও রয়েছে পাহারা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হাসপাতালের ছাদ, দুটি ফুটওভার ব্রিজকে ওয়াচ টাওয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর ওই রায় প্রত্যাখ্যান করে শাহবাগ মোড়ে এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে।
সেই থেকে জাগ্রত জনতা রাতদিন শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে আসছে- ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।’
সরকারের এসব উদ্যোগকে প্রাথমিক বিজয় বলে মনে করছেন শাহবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার ইমরান এইচ সরকার।
তবে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আন্দোলনে শামিল ‘ছবির হাটের’ কবি, লেখক, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের উদ্যোগে রোববার বারডেমের ছাদ থেকে বিএসএমএমইউ হাসপাতালের ছাদ পর্যন্ত রশি দিয়ে ওড়ানো হয়েছে একশ ফুট দৈর্ঘ্য এবং ৬০ ফুট প্রস্থের বিশাল এক জাতীয় পতাকা।
উদ্যোক্তারা বলছেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তারুণ্যের আহ্বানে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাদের সবাইকে এই পতাকার নিচে সমবেত করার জন্যই এ আয়োজন।
