চট্টগ্রামে স্কুলপ্রহরী খুন
চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকার একটি স্কুলের এক নৈশপ্রহরী খুন হয়েছেন।
সোমবার সকালে ওই এলাকার কাস্টম একাডেমি ল্যাবরেটরি স্কুলের একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় প্রহরী মো. আজিজের (৪২) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পাহাড়তলী থানার ওসি আবদুর রব বলেন, চুরিতে বাধা দেয়ায় ভোররাতের দিকে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের বাড়ি লক্ষীপুরে। রাতে স্কুলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি।
স্কুল কর্তৃপক্ষ বলছে, অফিস কক্ষের আলমারি ভেঙে দুর্বৃত্তরা প্রায় ৪২ হাজার টাকা নিয়ে গেছে।
এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
