বিক্রিতে এগিয়ে বাংলা একাডেমী
এবারের বইমেলায় বেচা-বিক্রিতে সন্তুষ্ট বাংলা একাডেমী কর্তৃপক্ষ। শনিবার পর্যন্ত তাদের বিক্রি হয়েছে প্রায় ১৬ লাখ টাকার বই।
রোববার একাডেমীর জনসংযোগ কর্মকর্তা মুর্শিদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ লাখ ৪৯ হাজার ৩৪টাকার বই বিক্রি হয়েছে।
তিনি আরো বলেন, “আমাদের মূল বিক্রয় কেন্দ্রে ২০০১ সাল থেকে বর্তমান পর্যন্ত যে সব পুনর্মুদ্রিত হয়েছে এবং নতুন বই প্রকাশ হয়েছে সে সকল বই শতকরা ৩০ ভাগ কমিশনে বিক্রি করা হয়। এছাড়া যেসব বই এখন আর মুদ্রিত হয় না সেগুলো ৫০ শতাংশ কমিশনে বিক্রি হচ্ছে।”
বাংলা একাডেমীর বিক্রয় কেন্দ্রে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আনিকা ইবনাতের সঙ্গে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলা একাডেমীর বই মানেই একটি আস্থার প্রত্যাশা। এই প্রতিষ্ঠানকে অনুসরণ করেই তো আমাদের ভাষার সব বিষয় নির্ধারণ করা হয়। সুতরাং বাংলা একাডেমীর অভিধানে আস্থা রাখা যায়।”
২০১২ সালের ফেব্রুয়ারির পর একাডেমী থেকে আসা নতুন বইগুলোর মধ্যে রয়েছে ছয় খন্ডে ‘শাহানামা’, বাসুদেব বিশ্বাস বাবলার সম্পাদনায় ‘দক্ষিণ বঙ্গের লোকফঙ্গীত’, অধ্যাপক আনিসুজ্জামানের সম্পাদনায় ‘খান সারওয়ার মুরশিদ সংবর্ধনা গ্রন্থ’, মুসা ইব্রাহিমের ‘পাহাড় চূড়ার হাতছানি’, ফজল-এ-খোদার ‘সঙ্গীত ভাবনা’, আমিনুর রহমান সুলতানের ‘আলোকময় নাহা’, মুহম্মদ হায়দারের ‘বাংলাদেশের কবিতায় লোকয়াত জীবন’, মামুন সিদ্দিকীর ‘ভাষাসংগ্রামী মাহবুব উল আলম চৌধুরী’, শাহিদা পারভীনের ‘শামসুন্নাহার মাহমুদ ও সমকালীন নারীসমাজের অগ্রগতি’, শাহীদা আখতারের ‘ভাষাশহীদ আবদুস সালাম’, শফিকুর রহমান চৌধুরীর ভাষাশহীদ শফিউর রহমান, মোহাম্মদ জাহিদ হোসেনের ‘প্রাচীন বাঙলার রাষ্ট্র ও প্রশাসন’, সালাউদ্দিন আহমদ ও আনিসুজ্জামানের সম্পাদনায় ‘ড. এ আর মলি¬ক স্মারকগ্রন্থ’, কামরুল হোদার ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস: উৎস অনুসন্ধান’, শামসুজ্জামান খানের সম্পাদনায় ‘একুশের সাহিত্য নাটক’, আবদুল বাসিরের ‘বাংলার কৃষক বিদ্রোহ ও মধ্যবিত্ত শ্রেণী’, সফিউদ্দিন আহমদের ‘ইয়ংবেঙ্গল মুভমেন্ট ও ডিরোজিও’, ড. এম. এ. রহিমের সম্পাদনায় ‘বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস-২য়’, হাসনাত আবদুল হাইয়ের সম্পাদনায় ‘সাঈদ আহমদ রচনাবলী’ ১ম ও ২য় খন্ড’, সিকান্দার ফয়েজের ‘সংবাদ লেখা ও সম্পাদনা’, ক্যাপ্টেন সাজ্জাদ আলী জহিরের ‘মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন আফতাব কাদের বীরউত্তম’, দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জীর ‘ফয়েজ আহমদের নির্বাচিত ছড়া ‘পতিংবরা’, জালাল ফিরোজের সম্পাদনায় ‘ডেমোক্রেসি ইন বাংলাদেশ: কনফিল্কটিং ইস্যুস এন্ড কমফ্লিক্ট রেজ্যুলেশন’, এন. এস. নওরোজ জাহানের ‘বাংলাদেশের ফুলের রাজ্য’, আব্বাস উদ্দিন আহমেদের ‘ভাষাশহীদ রফিক উদ্দিন আহমদ’, পাপড়ি রহমানের ‘ভাষাশহীদ আবুল বরকত’, আখতার হুসেনের ‘ভাষাশহীদ আবদুল জব্বার’, মোহাম্মদ আলীর ‘ভাষাসংগ্রামী আবদুল মতিন’, হায়দার আকবর খান রনোর ‘শহীদ আসাদ’, আখতার হুসেনের ‘কিশোর শহীদ মতিউর রহমান’, এ. এম. হারুন অর রশীদের ‘রবীন্দ্রনাথের বিজ্ঞানচেতনা’ ইত্যাদি।
মেলা নীতিমালা বাস্তবায়ন কমিটির অভিযান
রোববার বিকেলে মেলা নীতিমালা বাস্তবায়ন কমিটি মেলা প্রাঙ্গনে অভিযান পরিচালনা করা করে। অভিযানে ১৫টি প্রকাশনীকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে- নওরোজ কীতাবিস্তান, জোৎস্না, নবযুগ, আবিষ্কার, শুভ্র প্রকাশ, পরবাসী ইত্যাদি। এসব স্টলে আরেক প্রকাশনীর বই বিক্রি, ভারতীয় লেখকদের বই ও নেট বই পাওয়া গেছে। সোমবার বিকাল তিনটায় মেলা নীতিমালা বাস্তবায়ন কমিটি বৈঠকে বসে স্টলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে কমিটি।
নজরুল মঞ্চের চিত্র
রোববার একাডেমীর নজরুল মঞ্চে ১০টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এর মধ্যে অধ্যাপক ড. আনিসুজ্জামান আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। এর মধ্যে রয়েছে ব¬গারস ফোরাম থেকে প্রকাশিত ‘নীড় গল্পগুচ্ছ’, ‘দেবী ও কবি’, ‘ভাত, কাপড়, ভালোবাসা ও অন্যান্য’ ও ‘কম্পেন্ডার’, বলাকা প্রকাশন থেকে প্রকাশিত ‘জলের আরশী’ ও ‘এপিটাফ’, স্বপ্নসিঁড়ি থেকে আসা ‘প্রত্যাশার প্রতিধ্বনি’ এবং আবিষ্কার থেকে ‘একশ বছরের প্রেমের কবিতা। আরো উন্মোচিত হয় ‘জীবন পথের বাঁকে বাঁকে’ ও ‘শেষখেয়া’।
নতুন বই
বাংলা একাডেমীর তথ্যানুযায়ী, শনিবার মেলায় নতুন বই এসেছে ১১৩টি। এর মধ্যে রয়েছে গল্প ২০টি, উপন্যাস ১৯টি, প্রবন্ধ ৪টি, কবিতা ৩২টি, গবেষণা ১টি, ছড়া ৩টি, জীবনী ৪টি, মুক্তিযুদ্ধ ১টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ ৪টি, চিকিৎসা/স্বাস্থ্য ২টি, রম্য/ধাঁধা ৩টি, সায়েন্স ফিকশন ৩টি এবং অন্যান্য বিষয়ের উপর প্রকাশিত হয়েছে ১৫টি বই।
অন্যপ্রকাশ এনেছে ইমদাদুল হক মিলনের ‘প্রিয় হুমায়ূন আহমেদ’, শাহানা কায়েসের ‘হুমায়ূন আহমেদের কয়েকটি চিঠি ও একটি ডায়েরি’, অনুপম প্রকাশনী এনেছে মুহাম্মদ হাবিবুর রহমানের ‘এক প্রাচ্যচিত্তে প্রতীচ্য প্রতীতি’, মোহন রায়হানের ‘মেঘের শরীরে যাবো’, বিদ্যাপ্রকাশ ফখরে আলমের ‘টুঙ্গিপাড়া’, সালমা বুক ডিপো এনেছে আহসান হাবীবের ‘৫০ রম্যগল্প’, বিভাস এনেছে ইজাজ আহমেদ মিলনের ‘পোড়ামাটির ক্যানভাসে বিরামহীন বেদনা’, অনন্যা এনেছে আবেদ খানের ‘জীবনের গল্প জীবনযুদ্ধের গল্প’, আসমা আব্বাসীর ‘উচাটন মন ঘরে রয় না’, সূচীপত্র এনেছে মতিউর রহমান চৌধুরীর ‘কূটনীতির অন্দরমহল’, সময় এনেছে আহসান হাবীবের ‘গল্পের জাদুঘর’, শব্দশৈলী তসলিমা নাসরিনের ‘ভালোবাসা ছাই বাসো’-এর সংস্করণ, জোনাকি এনেছে ইমদাদুল হক মিলনের ‘ছোটদের প্রিয় অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা গল্প’, ঐতিহ্য এনেছে বুলবুল সরওয়ারে ‘নীলযমুনা জল’, খন্দকার ইশতিয়াক মাহমুদের ‘আমেরিকান সায়েন্স ফিকশন গল্প-২’, কাশবন এনেছে বেবী মওদুদের ‘প্রতিবন্ধীদের আনন্দময় ভূবন’, আগামী এনেছে শাহাদুজ্জামানের ‘আক্তারুজ্জামান ইলিয়াছের ডায়েরি’, ডক্টর তুহিন মালিকের ‘ডক্টর তুহিন মালিক এর কলাম ও রাজনীতি’, নান্দনিক এনেছে হাবীবুল্লাহ সিরাজীর ‘টিপটিপ জোনাকী’, আখতার হুসেনের ‘কেমন আছো আমার বাংলাদেশ’।
মূল মঞ্চে আয়োজন
রোববার মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে ‘আখতারুজ্জামান ইলিয়াস: অনন্য লেখকের প্রতিকৃতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক- গবেষক অধ্যাপক মাসুদুজ্জামান। আলোচনায় অংশগ্রহণ করেন অনুবাদক অধ্যাপক আবদুস সেলিম এবং কথাশিল্পী আহমাদ মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন সংস্কৃতি গবেষক, কথাশিল্পী ড. ফজলুল আলম।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী নাদিরা বেগম, পাগলা বাবুল, ফকির শাহাবুদ্দিন, মো. নূরুল ইসলাম, আলম দেওয়ান, আজগর আলীম, আনিমা মুক্তি গোমেজ, আমজাদ দেওয়ান, সাইদুর রহমান বয়াতি ও টুকু বাউল।
সোমবারের আয়োজন
সোমবার বিকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘তোফাজ্জল হোসেন মানিক মিয়া’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন আবেদ খান। আলোচনায় অংশগ্রহণ করবেন রাহাত খান, মুহাম্মদ জাহাঙ্গীর এবং মোহাম্মদ সেলিম। সভাপতিত্ব করবেন হারুন অর রশিদ। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
