দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে সংহতির মিছিল
যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় এবং জামায়াত-শিবির নিষিদ্ধের আন্দোলনে শাহবাগের আন্দোলনে সরাসরি অংশগ্রহণ প্রতিদিনই বাড়ছে।
আন্দোলনের ষষ্ঠ দিন রোববার বিভিন্ন সংগঠনের পাশাপাশি জাতীয় ক্রিকেট দলও এতে সংহতি প্রকাশ করে।
শাহবাগে রাতদিন অবস্থানকারীদের সমর্থন জানাতে আগের দিনের মতো এদিনও সমবেত হয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
আব্দুল কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে স্লোগান, সংহতি আর গানের মধ্য দিয়ে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ চলছে শাহবাগে, যার নাম দেওয়া হয়েছে প্রজন্ম চত্বর।
চড়া রোদের মধ্যে সকালে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে শাহবাগ যায় বিপিএলের দল দুরন্ত রাজশাহী।
দলের মালিক মুশফিকুর রহমান মোহন আগামীতে বিপিএলে পাকিস্তানি খেলোয়াড় বয়কটের ঘোষণা দেন।
দুপুরে তরুন-যুবাদের দাবির প্রতি সমর্থন প্রকাশে যায় জাতীয় দলের ক্রিকেট দল, যা আন্দোলনকারীদের মনোবলকে আরো বাড়িয়ে দেয়।
অধিনায়ক মুশফিকুর রহিম ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ জাতীয় দলের আটজন খেলোয়াড় বেলা দেড়টার দিকে শাহবাগে উপস্থিত হন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানসহ কয়েকজন কর্মকর্তাও তাদের সঙ্গে ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. ফরিদুর রহমান, খাগড়াছড়ির মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে যান।
এর বাইরে ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়।
এদের একজন নটরডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দেশে আমরা কোনো রাজাকার দেখতে চাই না। তাই সংহতি জানাতে এসেছি।”
দুপুরের পর শাহবাগ রূপ নেয় জনসমুদ্রে। নানা বয়সের, নানা শ্রেণি-পেশার মানুষ কণ্ঠ মেলাচ্ছেন আব্দুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে।
জারি গান পরিবেশন করে বিক্ষোভকারীদের উজ্জীবিত করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র।
দুপুরের দিকে ঘোষণা মঞ্চ থেকে বলা হয়, “আমার দেশ পত্রিকা বলেছে, এখানে আমার দেশ পোড়ানো হয়েছে। আমরা বলতে চাই, যুদ্ধাপরাধীদের বিচারে প্রয়োজনে আবার পোড়াব।”
“ব্যারিস্টার রাজ্জাক বলেছেন, আইন সংশোধন করলে নাকি দেশের মানুষের জন্য ভালো হবে না। আমরা ব্যারিস্টার রাজ্জাককে ধিক্কার জানাই। যারা রাজাকারের সঙ্গ দিচ্ছে, তারাও রাজাকার।”
ঘোষণা মঞ্চ থেকে বলা হয়, “বন্ধুরা জামায়াত-শিবির সিলেটের ‘প্রজন্ম একাত্তর’ ভাস্কর্য ভাঙার জন্য একত্রিত হয়েছে। আমরা তাদের প্রতিহত করব, করব কি না বলেন...”
এ সময় সমাবেশে গর্জন ওঠে- ‘পাকিস্তানের প্রেতাত্মারা/পাকিস্তানে ফিরে যা’।
সাড়ে ১২টায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ হুবহু শোনায় ৯ বছরের তাবিন তাজওয়ান অপূর্ব। এসময় সবাই করতালি আর ‘জয় বাংলা’ স্লোগানে তাকে অভিনন্দন জানায়।
বিকাল পর্যন্ত স্থপতি ইনস্টিটিউট, বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলামনি, নটরডেম কলেজ শিক্ষক-শিক্ষার্থী, নর্দার্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
আরো সংহতি জানায়, কবি নজরুল কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, কুমিল্লার সেন্ট্রাল উইমেন্স কলেজ, লালবাগ মডেল কলেজ, বদরুন্নেসা কলেজ, রেড ক্রিসেন্ট সোসাইটি, গাজীপুর ভাওয়াল কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ষ্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ঈশ্বরদী সরকারি কলেজ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হাজী মোহাম্মদ মুহসীন কলেজ, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট।
