ফাঁসি দাবির মঞ্চের স্থান সমাবেশের জন্য চায় জামায়াত
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তৈরি ‘একাত্তর মঞ্চ’র স্থান বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়েছে জামায়াতে ইসলামী।
দলের কেন্দ্র ঘোষিত মঙ্গলবারের (১২ ফেব্রুয়ারি) বিক্ষোভ সমাবেশের জন্য জামায়াতের মহানগর শাখা এ আবেদন করে বলে দলের নেতা ও পুলিশ জানিয়েছে।
এই স্থানে গত তিনদিন ধরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তৈরি একাত্তর মঞ্চে চলছে নানা কর্মসূচি। প্রতিদিন বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত এখানে চলছে বক্তৃতা, প্রতিবাদী স্লোগান, নাটিকা, জারি গান, প্রদীপ প্রজ্জালন, লাঠি খেলা ও কুশপুত্তলিকা দাহ।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. সামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবেদন পেয়েছি। তাদের কার্যকলাপের উপর অনুমতি নির্ভর করছে।”
মহানগর জামায়াতের প্রচার বিভাগের কাজী সাইফুল ইসলাম বলেন, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মতিউর রহমান মহানগর পুলিশ কমিশনারের কাছে এই আবেদন করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার বিকাল ৩টায় বিচারের নামে প্রহসন, অবৈধ ট্রাইব্যুনাল বাতিল, দলের আটক নেতাকর্মীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তনের দাবি এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালনের এ অনুমতি চাওয়া হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সাবেক সভাপতি কাজল ঘোষ বলেন, এই মুহূর্তে যদি জামায়াতের কর্মসূচি পালনে অনুমতি দেয়া হয়, সেটা হবে বাঙালি জাতির সঙ্গে বেইমানি।
