বাঁশখালীর ১১ খুনের পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালীতে ১১ জনকে পুড়িয়ে হত্যামামলার পলাতক এক আসামি গ্রেপ্তার হয়েছেন।
তিনি হলেন বাঁশখালীর খানথানাবাদ এলাকার বাসিন্দা উজীর আহমদ, যিনি ডাকাতির একটি মামলায়ও দণ্ডপ্রাপ্ত।
রোববার ভোরে উজীরের সঙ্গে একই এলাকার বাসিন্দা মো. আলী আকবর নামে আরেকজনকেও গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
আকবরও চিহ্নিত ডাকাত বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৭ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নূরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর পৌনে ৪টার দিকে বাড়ি থেকে উজীর ও আকবরকে গ্রেপ্তার করা হয়।
আকবরের কাছে একটি ওয়ান শুটার গান এবং একটি একনলা বন্দুক পাওয়া গেছে বলে লেফটেন্যান্ট কমান্ডার নূরুজ্জামান জানিয়েছেন।
২০০৩ সালে বাঁশখালীর সাধনপুরে ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। ওই মামলার আসামি উজীর ডাকাতির একটি মামলায় আট বছর সাজা ভোগ করে বেরিয়ে আত্মগোপন করেন বলে র্যাব জানিয়েছে।
