যশোরে গাড়িচালক খুন, স্ত্রী আটক
স্ত্রীর সহায়তায় শনিবার রাতে যশোরে এক গাড়ি চালককে হত্যা করার অভিযোগ উঠেছে।
রোববার সকালে সদর উপজেলার বসুন্দিয়া এলাকার একটি বাগান থেকে কামরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।
ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহত কামরুলের স্ত্রী পলি খাতুন ও তার এক ‘বন্ধুকে’ আটক করেছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিম জানান, স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্কের কারণে কামরুলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
“কামরুল ঢাকায় গাড়ি চালাতেন। চারদিন আগে বাড়িতে আসেন তিনি। রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে কল পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান কামরুল।”
এএসআই আরো জানান, রাত ১০টার দিকে কামরুলের ছেলে রিফাত বাবার কাছে ফোন করে জানতে পারে তিনি এলাকার ওই মেহগনি বাগানে আছেন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
সকালে বাগানে গিয়ে তার স্ত্রী লাশ দেখতে পান। গলায় মাফলার পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে।
পরিবারের অভিযোগে প্রথমে নিহতের স্ত্রী পলিকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে টুটুলকে আটক করা হয়েছে বলে জানান এএসআই।
এ ঘটনায় নিহতের ভাই আজাদ হোসেন বাদী হয়ে পলি ও টুটুলকে আসামি করে থানায় মামলা করেছেন।
