২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাওয়াল উদ্যানে ছিনতাইকারীর কবলে পর্যটক দম্পতি

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে শনিবার বেড়াতে গিয়ে এক দম্পতি ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছেন।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

এসময় জনতা একটি রাম দাসহ এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আহত ছিনতাইকারী নুরুল আমিন (২৮) ও পর্যটক সাহাদত হোসেনকে (২৮) গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হোতাপাড়া পলিশ ফাঁড়ির এএস আই আল-আমিন ও স্থানীয় অধিবাসীরা জানান, দুপুরে টঙ্গীর সাতাইশ এলাকার আলী হোসেন মৃধার ছেলে সাহাদাত হোসেন তার স্ত্রী মুন্নীকে নিয়ে ভাওয়াল জাতীয় উদ্যানে বেড়াতে যান। উদ্যান এলাকায় বেড়ানোর সময় তারা পর্যবেক্ষণ টাওয়ার পেরিয়ে ‘বিপজ্জনক এলাকা’য় ঢুকে পড়লে ছিনতাইকারী দলের কবলে পড়েন।

এসময় ছিনতাইকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটায় ও তাদের ধরে মারধর করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের  লোকজন এগিয়ে আসে। পরে উদ্যানের কর্মচারীসহ স্থানীয়রা ধাওয়া করে রাম দাসহ ছিনতাইকারী নুরুল আমিনকে ধরে গণপিটুনি দেয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনরোষ থেকে গুরুতর আহত অবস্থায় নুরুল আমিনকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। আহত সাহাদতকেও গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

নুরুল আমিন গাজীপুর সদর উপজেলার মনিপুর ভবানীপুর এলাকার বরকতউল্লাহর ছেলে।