শ্রীমঙ্গলে দুর্ঘটনায় নিহত ২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
শনিবার বিকাল ৪টার দিকে উত্তরসুর এলাকায় এ দুর্ঘটনায় নিহতরে একজন হলেন উপজেলার লাহারপুরের দিলীপ দেবনাথ। আরেকজনের পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
অটোরিকশা চালকসহ আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা- সিলেট সড়কে মৌলভীবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
