আশুলিয়ায় শ্রমিক অসুস্থ, ২০ কারখানায় ছুটি
সাভারে একটি পোশাক কারখানায় খাবার খেয়ে শ্রমিক অসুস্থ হওয়ার দু’দিন পর শনিবার অজানা কারণে আবারো শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে।
অসুস্থদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।
শনিবার সকালে আশুলিয়ার বেরন এলাকায় ‘স্টারলিংক ক্রিয়েশন লিমিটেড’ এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ ও ভাংচুর করেছে।
এদিকে এ ঘটনায় আতঙ্কিত হয়ে এলাকায় অন্তত ২০টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ।
শিল্প পুলিশের আশুলিয়া জোনের উপ-পরিচালক আলী আহম্মেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে স্টারলিংক ক্রিয়েশন লিমিটেড’র কারখানায় রুটি, কলা ও কেক খেয়ে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়।
শুক্রবার বন্ধ ছিল। শনিবার সকাল ৮টার দিকে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজে আসে।
কোনো কিছু খাওয়া ছাড়াই সকাল ৯টার দিকে শ্রমিকরা বমি করতে করতে মেঝেতে লুটিয়ে পড়ে।
ধারণা করা হচ্ছে বৃহস্পতিবারের ঘটনায় শ্রমিকদের মনে যে আতঙ্ক দেখা দিয়েছে তার কারণেই হয়তো আবারো অসুস্থ হয়ে পড়েছে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনার পর স্টারলিংক ক্রিয়েশন লিমিটেডের শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পাশের ‘ইয়াগী বাংলাদেশ’ ও ‘এএম ডিজাইন লিমিটেড’ কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ ও ভাংচুর শুরু করে।
আতঙ্কিত এই দুটি কারখানাসহ উইন্ডো গ্রুপ, আইডিএস গ্রুপ, ইয়াগী ফ্যাশনস ও আশপাশ এলাকার প্রায় ২০টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের স্বাস্থ্য কেন্দ্রে ৭৪ জন শ্রমিক ভর্তি হয়েছে। অন্যান্য ক্লিনিকেও অনেকেই চিকিৎসা নিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোশারফ হোসেন বলেন, স্টারলিংক ক্রিয়েশন লিমিটেড কারখানায় খাদ্যে বিষক্রিয়ার শ্রমিক আক্রান্ত হওয়ার ঘটনায় পাঁচ সদসের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জাহিদুর রহমানের নেতৃত্বে কমিটির সদস্যরা শনিবার থেকে কাজ শুরু করেছেন। আগামী সাত কার্যদিবসে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি বলেন, তদন্ত কমিটি এরইমধ্যে কারখানার খাবার নমুনা এবং কারখানার ট্যাংকির পানির নমুনা সংগ্রহ করেছে কেন্দ্রীয় পরীক্ষাগারে পাঠানোর জন্য।
